ভয়েস অব পিপল ।। জনগণের কণ্ঠস্বর, বাস্তবতার প্রতিচ্ছবি
যুক্তরাজ্যে জাতীয়তাবাদী কুলাউড়াবাসীর মতবিনিময় সভা, মাহিদুর রহমানকে মন্ত্রী করার দাবি
কমিউনিটি ডেস্ক, ৫ আগস্ট:
যুক্তরাজ্যে বসবাসরত জাতীয়তাবাদী কুলাউড়াবাসীর উদ্যোগে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি মাহিদুর রহমানের সম্মানে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা ভবিষ্যতে তাকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার প্রত্যাশা ব্যক্ত করেন।
মঙ্গলবার (৩ আগস্ট) রাতে পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেল রোডের একটি হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুলাউড়া বিএনপির সাবেক নেতা জসিম উদ্দিন আহমদ। অনুষ্ঠান পরিচালনা করেন ওলিউর রহমান চৌধুরী ফাহিম।

সভায় প্রধান অতিথি ছিলেন মাহিদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক ও কমিউনিটি সংগঠক কে এম আবু তাহের চৌধুরী, যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসচিব খসরুজ্জামান খসরু, সাপ্তাহিক দেশ পত্রিকার সম্পাদক তাইছির মাহমুদ এবং কুলাউড়া কলেজেমহিতুরর সাবেক ভিপি আব্দুল মোহিত সুহেল। স্বাগত বক্তব্য দেন যুবনেতা জিয়াউল হক জিয়া।
এছাড়া তাজুল ইসলাম, নুরুল ইসলাম এমবিই, কমর উদ্দিন জামাল, ফখরুল ইসলাম বাদল, এম এ মুকিত, আহবাব হোসেন বাপ্পী, আকমল হোসেন, আব্দুল করিম নিপু, আজিম উদ্দিন, মিনহাজুল আলম মামুন, ফারহান চৌধুরী ও সাংবাদিক মিনহাজসহ আরও অনেকে বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, যুক্তরাজ্য ও ইউরোপে বাংলাদেশি জাতীয়তাবাদী রাজনীতিতে মাহিদুর রহমান দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। তারা তার রাজনৈতিক ত্যাগ, সাংগঠনিক দক্ষতা এবং ব্যক্তিগত সততার প্রশংসা করেন। বক্তাদের মতে, তিনি দলকে দীর্ঘ সময় ধরে সেবা দিয়েছেন এবং মানুষের ভালোবাসাই তার সবচেয়ে বড় প্রাপ্তি।
সভায় বক্তারা আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিশ্বস্ত সহযোদ্ধা হিসেবে মাহিদুর রহমান দায়িত্ব পালন করেছেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানেরও আস্থাভাজন। এ কারণে আগামী দিনে তাকে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব, বিশেষ করে মন্ত্রী হিসেবে দেখতে চান বলে তারা আশা প্রকাশ করেন।
মতবিনিময় সভায় কুলাউড়া উপজেলার বিভিন্ন উন্নয়ন-সংক্রান্ত সমস্যা ও স্থানীয় জনগণের প্রত্যাশার বিষয়ও তুলে ধরা হয়। এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার জন্য মাহিদুর রহমানের দৃষ্টি আকর্ষণ করেন বক্তারা।
অনুষ্ঠান শেষে বিপুলসংখ্যক প্রবাসী কুলাউড়াবাসী ফুলেল শুভেচ্ছার মাধ্যমে মাহিদুর রহমানকে সংবর্ধনা জানান।