একুশে পুরস্কারে লেখক–কবিদের বাদ: ‘কলম একাডেমি লন্ডন’-এর তীব্র প্রতিবাদ ও ক্ষোভ
ভয়েস অব পিপল, লন্ডন, ৬ ফেব্রুয়ারি: একুশে ফেব্রুয়ারি—ভাষা, সাহিত্য ও সংস্কৃতির আত্মত্যাগের দিন। অথচ সেই একুশকে কেন্দ্র করে বাংলা একাডেমির ঘোষিত এবারের একুশে পদকে নেই কোনো কবি, সাহিত্যিক বা লেখকের নাম। বিষয়টি বিশ্বব্যাপী লেখক সমাজে তীব্র ক্ষোভ ও হতাশার জন্ম দিয়েছে।
লন্ডনভিত্তিক সাহিত্য সংগঠন ‘কলম একাডেমি লন্ডন’–এর প্রতিষ্ঠাতা ও পরিচালক নজরুল ইসলাম হাবিবী এই সিদ্ধান্তকে “কবি–সাহিত্যিকদের প্রতি অপমান” বলে আখ্যা দিয়েছেন। তাঁর ভাষায়,
“লেখক কবি সাহিত্যিকরা সমাজের প্রাণ। তাঁদের অপমান মানে শিক্ষা–সংস্কৃতি–সভ্যতার অপমান।”
“লেখকদের বাদ দেওয়া—অবহেলার নগ্ন প্রকাশ”
হাবিবী বলেন, একুশ মানেই ভাষা, আর ভাষার প্রাণশক্তি হলো সাহিত্য। অথচ বাংলা একাডেমির পুরস্কার তালিকায় লেখকদের অনুপস্থিতি প্রমাণ করে—রাষ্ট্র লেখকদের অবদানকে উপেক্ষা করছে।
তিনি মনে করেন, লেখকদের প্রতি রাষ্ট্রীয় স্বীকৃতি কোনো দয়া নয়, বরং ন্যায্য অধিকার।
লেখকদের জন্য মন্ত্রণালয় ও কল্যাণব্যাংকের দাবি
‘কলম একাডেমি লন্ডন’ দীর্ঘদিন ধরে লেখকদের জন্য—
- একটি স্বতন্ত্র মন্ত্রণালয়,
- ১৮ সেপ্টেম্বরকে ‘বিশ্ব লেখক অধিকার দিবস’ ঘোষণা,
- লেখক কল্যাণ ব্যাংক,
- এবং সংসদে লেখকদের প্রতিনিধিত্ব—
এই দাবিগুলো তুলে আসছে।
সংগঠনটি আরও ১৯টি দাবি উত্থাপন করেছে, যা লেখকদের নিরাপত্তা, সম্মান ও অধিকার নিশ্চিত করার লক্ষ্যে প্রণীত।
“লেখকদের সংগঠন নেই—এটাই সবচেয়ে বড় দুর্বলতা”
হাবিবী দুঃখ প্রকাশ করে বলেন,
“পৃথিবীতে সবার সংগঠন আছে, কিন্তু লেখকদের নেই। তাঁরা একতা নন। একতা থাকলে সরকার এভাবে লেখকদের উপেক্ষা করতে পারত না।”
তিনি আরও প্রশ্ন তোলেন—
“বাংলা একাডেমি কি মনে করে কবি–সাহিত্যিকরা মানুষ নয়? না হলে পুরস্কার তালিকা থেকে তাঁদের বাদ দেওয়া হলো কীভাবে?”
আন্তর্জাতিক লেখক ফোরাম গঠনের ঘোষণা
নজরুল ইসলাম হাবিবী জানান, নির্বাচনের পর তিনি ‘আন্তর্জাতিক লেখক ফোরাম’–এর কমিটি ঘোষণা করবেন। আগ্রহী কবি–সাহিত্যিকদের এতে যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি।
এছাড়া আগামী বছর থেকে সংগঠনের ব্যানারে যৌথ গ্রন্থ প্রকাশ এবং প্রতিবছর একুশ উপলক্ষে একজন কবি ও একজন ছড়াকারকে পুরস্কার দেওয়ার পরিকল্পনাও প্রকাশ করেন। পুরস্কারের মধ্যে থাকবে সনদ ও নগদ অর্থ।
“কলমকে কারো কাছে বিক্রি করব না”
হাবিবীর দৃঢ় ঘোষণা—
“আমরা আমাদের ব্যক্তিত্বকে কারো কাছে বিক্রি করব না। কোনো নেতার কাছে কলমকে প্রমাণিত হতে দেব না। কোনো পদ–পদবীর জন্য ছোট হবো না।”
তিনি বিশ্বব্যাপী লেখকদের এক প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।