আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে

লন্ডনে রিপোর্টার্স ইউনিটির প্রশিক্ষণ, আলোচনা ও ইফতার

লন্ডনে রিপোর্টার্স ইউনিটির প্রশিক্ষণ, আলোচনা ও ইফতার

কমিউনিটি ডেস্ক, ৮ মার্চ: স্বাধীনতা দিবস ২০২৬ ও আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে যুক্তরাজ্যে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে এক ব্যতিক্রমধর্মী আয়োজন অনুষ্ঠিত হয়েছে। পূর্ব লন্ডনে আয়োজিত এ অনুষ্ঠানে সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ, বিভিন্ন সমসাময়িক বিষয়ে আলোচনা এবং ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

শনিবার (৭ মার্চ) বিকেল ৩টা থেকে ৬টা পর্যন্ত পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টের হলরুমে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এবং বাংলা মিররের বিশেষ প্রতিনিধি মুহাম্মদ শাহেদ রাহমান। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ও এবিসি বাংলা নিউজের সম্পাদক আব্দুল বাছির। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার কাউন্সিলর সুলুক আহমদ।

অনুষ্ঠানের শুরুতে অনুষ্ঠিত হয় “বেসিক ট্রেনিং ইন জার্নালিজম” শীর্ষক একটি প্রশিক্ষণ পর্ব। এতে সাংবাদিকতার মৌলিক বিষয় ও বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন পলিটিকা নিউজের প্রধান সম্পাদক তানভীর আহমদ, এটিএন বাংলা ইউকের নিউজ এডিটর সাঈম চৌধুরী, লন্ডন বাংলা প্রেস ক্লাবের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আব্দুল কাদির চৌধুরী মুরাদ এবং আলোকচিত্র শিল্পী জি আর সোহেল। প্রশিক্ষণ পর্বে শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের অর্গানাইজিং অ্যান্ড ট্রেনিং সেক্রেটারি জান্নাতুল ফেরদৌস ডলি।

বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে “একাত্তরে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে প্রবাসীদের ভূমিকা” শীর্ষক আলোচনায় প্রধান আলোচক ছিলেন বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাস্টন ইউনিভার্সিটির ডেপুটি ভাইস চ্যান্সেলর প্রফেসর ওসামা খান। এ পর্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রিপোর্টার্স ইউনিটির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও চ্যানেল এনআরবি ইউকের সম্পাদক এ রহমান অলি।

আলোচনা পর্বে আরও বক্তব্য রাখেন জনপ্রিয় অভিনেতা স্বাধীন খসরু, প্রবীণ সাংবাদিক ও সংগঠনের সাবেক সভাপতি মতিয়ার চৌধুরী, সাবেক স্পিকার আহবাব হোসেইন, স্বদেশ বিদেশের সম্পাদক বাতিরুল হক সরদার, সংগঠনের সাবেক সভাপতি অধ্যাপক সাজিদুর রহমান, জনমতের সহকারী সম্পাদক মোসলেহ উদ্দিন এবং বাংলাদেশ প্রেস ক্লাব ইউকের প্রেসিডেন্ট শাকির হোসাইন।

এছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন সত্যবাণীর রিপোর্টার জামাল খান, আব্দুস সাত্তার, জগন্নাথপুর টাইমসের নিউজ এডিটর মির্জা আবুল কাসেম, ডায়াল সিলেটের সম্পাদক সুহেল আহমদ এবং বাংলা সংলাপের রিপোর্টার ইমরান তালুকদার।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে “বিলেতে নারীদের জীবন সংগ্রাম ও ব্রিটিশ বাংলাদেশি নারীদের সফলতা” শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রিপোর্টার্স ইউনিটির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, প্রাবন্ধিক ও কবি আসমা মতিন। আলোচনায় অংশ নেন আন্তর্জাতিক স্পিকার ও চিকিৎসক ডা. জাকি রেজওয়ানা আনোয়ার, লেখক ও ডাটা বিশেষজ্ঞ আমিনা তাবাসসুম, কিংস কলেজ লন্ডনের লেকচারার ড. রেনেসা খান, সিনিয়র প্রডিউসার উর্মি মাযহার এবং কমিউনিটি অ্যাক্টিভিস্ট আমিনা আলী।

এ সময় সংগঠনের সহ-সভাপতি ও ভাটির কণ্ঠের সম্পাদক ইমদাদুন খানম, সহ-সভাপতি ও বিশ্ববাংলা নিউজের চেয়ার সাহেদা রহমান, স্মৃতি আজাদ, হাফসা নূর, দীপা হক ও নাজমা রহমানও বক্তব্য দেন।

পবিত্র রমজান উপলক্ষে “রমজানের তাৎপর্য: যাকাত ও ফিতরা” শীর্ষক আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের সহ-সভাপতি ও ইউকে বাংলা গার্ডিয়ানের অ্যাসিস্ট্যান্ট এডিটর এস কে এম আশরাফুল হুদা। এ পর্বে প্রধান আলোচক ছিলেন ইসলামী স্কলার মাওলানা আব্দুল কুদ্দুছ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হামজা রহমান। পরে দোয়া ও ইফতারের মাধ্যমে দিনের কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।