টাওয়ার হ্যামলেটসে ভিসিএস অ্যাওয়ার্ডস: স্বেচ্ছাসেবীদের অবদানে সম্মাননা

টাওয়ার হ্যামলেটসে ভিসিএস অ্যাওয়ার্ডস: স্বেচ্ছাসেবীদের অবদানে সম্মাননা

কমিউনিটি ডেস্ক, ৮ মার্চ: 

লন্ডনের টাওয়ার হ্যামলেটসে কমিউনিটির সেবায় নিবেদিত স্বেচ্ছাসেবী সংগঠন ও কর্মীদের সম্মান জানাতে আবারও অনুষ্ঠিত হলো ভলান্টারি অ্যান্ড কমিউনিটি সেক্টর (ভিসিএস) অ্যাওয়ার্ডস। কাউন্সিলের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে কমিউনিটির বিভিন্ন স্তরে কাজ করা সংগঠন ও ব্যক্তিদের অবদানকে স্বীকৃতি দেওয়া হয়।

১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার হোয়াইটচ্যাপেল টাউন হলের গ্রোসার্স উইংয়ে অনুষ্ঠিত এই আয়োজনে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর বিপুলসংখ্যক প্রতিনিধি উপস্থিত ছিলেন। টাওয়ার হ্যামলেটস জুড়ে বিভিন্ন ভলান্টারি সংগঠনের নিরলস কাজ ও কমিউনিটির উন্নয়নে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রতি কৃতজ্ঞতা জানাতেই এই পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানটি পরিচালনা করেন কাউন্সিলের সিনিয়র ভলান্টারি অ্যান্ড কমিউনিটি সেক্টর ডেভেলপমেন্ট অফিসার মিলি ডাউন্স। শুরুতেই স্বাগত বক্তব্য দেন কাউন্সিলের কস্ট অব লিভিং অ্যান্ড রিসোর্সেস বিষয়ক ক্যাবিনেট মেম্বার কাউন্সিলর সাইদ আহমেদ।

স্বেচ্ছাসেবী খাতের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুৎফুর রহমান, চিফ এক্সিকিউটিভ স্টিভ হোলসি, ডেপুটি মেয়র কাউন্সিলর মাইয়ুম তালুকদার, ইকুয়ালিটিজ অ্যান্ড সোশ্যাল ইনক্লুশন বিষয়ক ক্যাবিনেট মেম্বার কাউন্সিলর বদরুল চৌধুরী এবং হেলথ, ওয়েলবিয়িং অ্যান্ড সোশ্যাল কেয়ার বিষয়ক ক্যাবিনেট মেম্বার কাউন্সিলর সাবিনা আক্তার।

অনুষ্ঠানের মূল আলোচনায় বক্তব্য দেন ক্যানারি ওয়ার্ফের সাবেক সিইও ও চেয়ারম্যান স্যার জর্জ কবসকো। বক্তারা বলেন, টাওয়ার হ্যামলেটসের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন কমিউনিটির মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং কাউন্সিল সবসময় এই খাতের সঙ্গে অংশীদার হিসেবে কাজ করতে আগ্রহী।

অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে ভিসিএস অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এর মধ্যে রয়েছে বছরের সেরা বড়, মাঝারি ও ছোট স্বেচ্ছাসেবী সংগঠন, বছরের সেরা তরুণ স্বেচ্ছাসেবী, বছরের সেরা স্বেচ্ছাসেবী এবং লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড।

এবারের বড় স্বেচ্ছাসেবী গ্রুপ অব দ্য ইয়ার হিসেবে স্বীকৃতি পেয়েছে প্রভিডেন্স রো’র কিচেন ভলান্টিয়ার গ্রুপ। মাঝারি গ্রুপ ক্যাটাগরিতে যৌথভাবে পুরস্কার পেয়েছে লিডার্স ইন কমিউনিটি এবং উইমেন্স ইনক্লুসিভ টিম। ছোট স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে গ্লিমস এডভান্সার প্লে গ্রাউন্ড বিজয়ী হয়; এ বিভাগে ব্রমলি বাই বো কমিউনিটি অর্গানাইজেশন এবং পাপা ইয়ং সিআইসি বিশেষভাবে প্রশংসিত হয়।

তরুণ স্বেচ্ছাসেবী হিসেবে নির্বাচিত হয়েছেন ফিউচার কিডস ডেভেলপমেন্টের নাদিয়া বকস। এ বিভাগে এহসানুল হক ও নাফিস মিয়া প্রশংসা অর্জন করেন। বছরের সেরা স্বেচ্ছাসেবী হিসেবে সম্মাননা পান উইশ ফাউন্ডেশনের নাসিমা ইসলাম; বিশেষ প্রশংসা পেয়েছেন মায়া জাহরা লি রহমান ও আবুল হোসাইন।

এ বছরের লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড প্রদান করা হয় লাইমহাউজ প্রজেক্টের ফরিদা ইয়াসমিনকে। একই ক্যাটাগরিতে নাজ হোসাইন এবং সুফিয়া আলমকেও বিশেষভাবে সম্মাননা জানানো হয়।

অনুষ্ঠানজুড়ে বক্তারা বলেন, স্বেচ্ছাসেবীদের এই নীরব কিন্তু গুরুত্বপূর্ণ অবদানই টাওয়ার হ্যামলেটসের কমিউনিটিকে আরও শক্তিশালী ও মানবিক করে তুলছে।