আমি মরিনি, বেঁচে আছি এবং ভালো আছি : গায়ক হায়দার হোসেন
বিনোদন ডেস্ক, ৮ মার্চ: শনিবার (৮ মার্চ) সন্ধ্যায় সামাজিক মাধ্যমে হঠাৎ করেই ছড়িয়ে পড়ে খবর—সংগীতশিল্পী হায়দার হোসেন মারা গেছেন। ফেসবুকের বিভিন্ন গ্রুপ ও পেজে এ ধরনের পোস্ট ছড়িয়ে পড়ার পাশাপাশি কয়েকটি সংবাদমাধ্যমের নাম ব্যবহার করে তৈরি করা ভুয়া ফটোকার্ডও ঘুরতে দেখা যায়। এতে ভক্ত-শ্রোতাদের মধ্যে দ্রুত উদ্বেগ ছড়িয়ে পড়ে।
তবে বিষয়টি সম্পূর্ণ মিথ্যা বলে জানিয়েছেন জনপ্রিয় গীতিকার ও সংগীত পরিচালক মিল্টন খন্দকার।
শনিবার রাতে তিনি গণমাধ্যমকে বলেন, ‘এটি সম্পূর্ণ ভিত্তিহীন একটি গুজব। ফেসবুকে কে বা কারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে এমন খবর ছড়িয়েছে তা জানা যায়নি।’
তিনি আরও জানান, সন্ধ্যায় হায়দার হোসেনের কিবোর্ডবাদকের সঙ্গে কথা বলে নিশ্চিত হয়েছেন—শিল্পী সুস্থ আছেন এবং বাসাতেই অবস্থান করছেন।
হায়দার হোসেন বলেন, আমি ভালো আছি, আমার কিছুই হয়নি। এই ধরনের মিথ্যা তথ্য কীভাবে ছড়ায়, আমি বুঝতে পারছি না। তিনি বলেন, এটা খুবই দুঃখজনক। শিল্পী নিজের ফেসবুকে এক পোস্টেও জানিয়েছেন, তিনি সুস্থ আছেন। ভালো আছেন। সবার কাছে তিনি দোয়া চেয়েছেন। বাংলা সংগীতাঙ্গনে হায়দার হোসেন এক সুপরিচিত নাম। তার গাওয়া ‘তিরিশ বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি’ এবং ‘চিৎকার করে কাঁদিতে চাহিয়াও করিতে পারিনি চিৎকার’ গান দুটি শ্রোতাদের কাছে এখনো জনপ্রিয়। বর্তমানে হায়দার হোসেন সংগীতচর্চায় কিছুটা অনিয়মিত হলেও তার পুরোনো গানগুলো আজও হৃদয়ে গেথে গেছে শ্রোতাদের।