সিলেটে পরোয়ানাভুক্ত আসামি ধরতে গিয়ে সিআইডি কর্মকর্তাকে ছুরিকাঘাত, আসামি গ্রেপ্তার
সিলেট প্রতিনিধি, ১০ ডিসেম্বর : সিলেট নগরের সাগরদীঘিরপাড় এলাকায় পরোয়ানাভুক্ত এক আসামি ধরতে গিয়ে সিআইডির এসআই খুরশেদ আলম ছুরিকাঘাতে আহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ১২টার দিকে অভিযান চলাকালে আসামি ছুরি নিয়ে তার ওপর হামলা চালায়। আহত এসআইকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং অস্ত্রোপচার শেষে তিনি চিকিৎসাধীন।
ঘটনার পর সিআইডি ও মহানগর পুলিশের যৌথ টিম রাতভর অভিযান চালিয়ে হামলাকারী আসামিকে গ্রেপ্তার করে। সিলেট সিআইডির পুলিশ সুপার সুজ্ঞান চাকমা জানান, পরোয়ানাভুক্ত আসামিকে ধরতেই এই অভিযান ছিল। মহানগর পুলিশের উপকমিশনার সাইফুল ইসলাম বলেন, গ্রেপ্তার ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, পরে বিস্তারিত জানানো হবে।