মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যা: সন্দেহভাজন গৃহকর্মী শনাক্ত, এখনো গ্রেপ্তার নয়

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যা: সন্দেহভাজন গৃহকর্মী শনাক্ত, এখনো গ্রেপ্তার নয়

ঢাকা, ১০ ডিসেম্বর:  রাজধানীর মোহাম্মদপুরের শাহজাহান রোডে নিজ বাসায় মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যার ঘটনায় প্রধান সন্দেহভাজন গৃহকর্মী ‘আয়েশা’কে শনাক্ত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে মঙ্গলবার রাত পর্যন্ত তাঁকে গ্রেপ্তার করা যায়নি।

পুলিশ জানায়, চার দিন আগে গৃহকর্মীর কাজ নেওয়া ২০ বছর বয়সী ওই তরুণী ঘটনার পর পলাতক। ভবনের সিসিটিভি ফুটেজে দেখা যায়, হত্যার পর

তিনি নাফিসার স্কুলড্রেস পরে বাসা থেকে বের হয়ে যান। বাসা থেকে একটি মোবাইল ফোন, ল্যাপটপ, স্বর্ণালংকার ও নগদ টাকা খোয়া গেছে।

তদন্ত–সংশ্লিষ্টরা জানান, গৃহকর্মী ভুয়া নাম–ঠিকানা ব্যবহার করায় তাঁকে শনাক্তে সময় লেগেছে। মুখও স্পষ্ট ধরা না পড়ায় আশপাশের সিসিটিভি ব্যবহার করে ম্যানুয়ালি তাঁকে শনাক্ত করা হয়।

নিহত লায়লার স্বামী আ জ ম আজিজুল ইসলাম ‘আয়েশা’কে একমাত্র আসামি করে মামলা করেন। তিনি জানান, স্কুলে থাকা অবস্থায় স্ত্রী–মেয়ের সঙ্গে যোগাযোগ না পেয়ে বাসায় ফিরে দুইজনের রক্তাক্ত লাশ দেখেন। সুরতহাল প্রতিবেদনে লায়লার শরীরে প্রায় ৩০টি ও নাফিসার শরীরে ৪টি ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে।

পুলিশ ও র‍্যাবসহ একাধিক সংস্থা অভিযুক্তকে ধরতে অভিযান চালাচ্ছে। নিহতদের মরদেহ গতকাল নাটোরে দাফন করা হয়েছে।