সিলেটে দোকান রাত সাড়ে ৯টায় বন্ধের সিদ্ধান্তে বিতর্ক, ব্যবসায়ীদের ক্ষোভ

সিলেটে দোকান রাত সাড়ে ৯টায় বন্ধের সিদ্ধান্তে বিতর্ক, ব্যবসায়ীদের ক্ষোভ

সিলেট প্রতিনিধি, ১০ ডিসেম্বর:  সিলেটে শৃঙ্খলা ফেরাতে জেলা প্রশাসক সারওয়ার আলম ও পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরীর নেওয়া বিভিন্ন পদক্ষেপে সন্তুষ্ট নাগরিকরা। হকার পুনর্বাসন, অবৈধ যানবাহন বন্ধ, পাথর-বালু লুট দমনসহ বহু উদ্যোগে তারা প্রশংসা কুড়ালেও সর্বশেষ সিদ্ধান্ত—রাত সাড়ে ৯টায় দোকানপাট বন্ধ—নিয়ে তীব্র বিতর্ক দেখা দিয়েছে।

পুলিশের নির্দেশনা অনুযায়ী রোববার থেকেই সিলেট নগরে হোটেল-রেস্তোরাঁ ও ফার্মেসি ছাড়া সব ব্যবসাপ্রতিষ্ঠান রাত ৯টা ৩০ মিনিটে বন্ধ করে দেওয়া হচ্ছে। প্রশাসন দাবি করছে, শহরের শান্তি-শৃঙ্খলা রক্ষা, বিদ্যুৎ সাশ্রয়, অপরাধ কমানো ও শিক্ষার্থীদের পড়ালেখায় সহায়তার জন্য এই সিদ্ধান্ত জরুরি।

তবে ব্যবসায়ীরা বলছেন, এই নিয়ম শুধু সিলেটের জন্য কেন? দেশের অন্য কোথাও এমন বাধ্যবাধকতা নেই। নিত্যপণ্যের বাজার ও মাছ বাজারেও একই কড়াকড়ি প্রয়োগে ক্ষোভ আরও বেড়েছে। ব্যবসায়ী নেতারা জানিয়েছেন, এতে ব্যবসায়ীরা লোকসানের মুখে পড়ছেন এবং সিদ্ধান্তটি পুনর্বিবেচনার দাবি তুলবেন।

চেম্বার ও ব্যবসায়ী নেতারা বলছেন, বিদ্যুৎ সাশ্রয়ের দিকটি ইতিবাচক হলেও রাত সাড়ে ৯টার বাধ্যতামূলক বন্ধে ব্যবসায়ে অস্থিরতা তৈরি হচ্ছে। সিদ্ধান্তটি নিয়ে আলোচনা ও পুনর্মূল্যায়নের প্রয়োজন রয়েছে বলে মত দিয়েছেন তারা।