উন্নত জীবনের খোঁজে দেশ ছাড়তে চায় জার্মানির তরুণরা

উন্নত জীবনের খোঁজে দেশ ছাড়তে চায় জার্মানির তরুণরা

আন্তর্জাতিক ডেস্ক: অর্থনৈতিক অনিশ্চয়তা, বাড়তে থাকা জীবনযাত্রার ব্যয় এবং ভবিষ্যৎ কর্মসংস্থানের উদ্বেগ—এই তিন প্রধান কারণে জার্মানির উল্লেখযোগ্যসংখ্যক তরুণ বিদেশে পাড়ি জমানোর কথা ভাবছেন। সাম্প্রতিক এক সমীক্ষায় উঠে এসেছে, দেশটির ১৪ থেকে ২৯ বছর বয়সী প্রতি পাঁচজনের একজন জার্মানি ছেড়ে অন্য দেশে বসবাসের পরিকল্পনা করছেন।

‘ইউগেন্ড ইন ডয়েচলান্ড’ শীর্ষক এই সমীক্ষাটি পরিচালনা করে ডেটাজকি ফেরলাগ নামের একটি গবেষণা প্রতিষ্ঠান। চলতি বছরের ৯ জানুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারির মধ্যে ২ হাজার ১২ জন তরুণ-তরুণীর মতামতের ভিত্তিতে এ প্রতিবেদন তৈরি করা হয়। এতে দেখা গেছে, প্রায় ২১ শতাংশ অংশগ্রহণকারী উন্নত জীবনযাত্রার আশায় বিদেশে চলে যেতে চান। এর মধ্যে ৪০ শতাংশের বেশি তরুণ দীর্ঘমেয়াদে দেশত্যাগের পরিকল্পনার কথাও জানিয়েছেন।

বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ জার্মানি হওয়া সত্ত্বেও তরুণদের এই প্রবণতা উদ্বেগজনক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। সমীক্ষায় অংশগ্রহণকারীরা জানিয়েছেন, গত কয়েক বছরে অর্থনীতির স্থবিরতা তাদের মধ্যে অনিশ্চয়তা তৈরি করেছে। একই সঙ্গে আবাসন ব্যয়ের ঊর্ধ্বগতি এবং দৈনন্দিন খরচ বেড়ে যাওয়ায় স্বাধীনভাবে জীবনযাপন কঠিন হয়ে পড়ছে।

এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দ্রুত বিস্তারও কর্মসংস্থানের ক্ষেত্রে নতুন ধরনের শঙ্কা তৈরি করছে বলে মনে করছেন তরুণরা। অনেকেই আশঙ্কা করছেন, ভবিষ্যতে চাকরির সুযোগ কমে যেতে পারে কিংবা কাজের ধরন আমূল বদলে যেতে পারে।

সমীক্ষার পরিচালক জিমন শ্নেৎসার বলেন, সাম্প্রতিক বছরগুলোতে তরুণদের মধ্যে মানসিক চাপ বেড়েছে। এর ফলে তাদের মধ্যে ক্লান্তি, অনিশ্চয়তা এবং ভবিষ্যৎ নিয়ে হতাশার অনুভূতি তৈরি হচ্ছে, যা দেশ ছাড়ার প্রবণতাকে উসকে দিচ্ছে।

তবে অর্থনৈতিক কারণই একমাত্র নয়। ব্যক্তিগত অভিজ্ঞতা ও জীবনযাত্রার মানও অনেকের সিদ্ধান্তে প্রভাব ফেলছে। হামবুর্গের এক আইন শিক্ষার্থী জানান, জাপানের টোকিওতে স্বল্প সময় কাটানোর অভিজ্ঞতা তাকে ভিন্নধর্মী, শান্তিপূর্ণ জীবনযাপনের প্রতি আকৃষ্ট করেছে। যদিও তিনি মনে করেন, পেশাগত সুযোগ জার্মানিতেই বেশি, তবু জীবনমানের ভিন্ন স্বাদ পেতে বিদেশে যাওয়ার আগ্রহ তার রয়েছে।

সমীক্ষা বলছে, তরুণদের কাছে সুইজারল্যান্ড ও অস্ট্রিয়ার মতো দেশগুলো বেশি আকর্ষণীয়। উন্নত জীবনমান, নির্ভরযোগ্য সেবা ব্যবস্থা এবং বসবাসের অনুকূল পরিবেশের কারণে এসব দেশের শহরগুলো নিয়মিতভাবে বিশ্বের সেরা বাসযোগ্য শহরের তালিকায় স্থান পায়।

বিশ্লেষকদের মতে, এই প্রবণতা দীর্ঘমেয়াদে জার্মানির শ্রমবাজার ও অর্থনীতিতে প্রভাব ফেলতে পারে। বিশেষ করে দক্ষ তরুণদের দেশত্যাগ বাড়তে থাকলে তা ‘ব্রেইন ড্রেইন’-এর ঝুঁকি তৈরি করতে পারে, যা দেশের সামগ্রিক উন্নয়নকে বাধাগ্রস্ত করতে পারে।