ভয়েস অব পিপল ।। জনগণের কণ্ঠস্বর, বাস্তবতার প্রতিচ্ছবি
বাংলাদেশে আল-কায়েদার তৎপরতা নিয়ে নতুন উদ্বেগ জাতিসংঘের
বাংলাদেশ প্রতিনিধি, ১৪ আগস্ট : বাংলাদেশে আল-কায়েদার ভারতীয় উপমহাদেশীয় শাখা—আল-কায়েদা ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট (একিউআইএস)—ছোট ছোট সাংগঠনিক সেল গড়ে তোলার চেষ্টা করছে বলে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বিশেষজ্ঞ দল।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ‘অ্যানালিটিক্যাল সাপোর্ট অ্যান্ড স্যাংশনস মনিটরিং টিম’-এর ১০ আগস্ট প্রকাশিত এক প্রতিবেদনে দক্ষিণ এশিয়ায় জঙ্গি সংগঠনগুলোর তৎপরতা এবং আন্তঃদেশীয় যোগাযোগের ঝুঁকি তুলে ধরা হয়েছে। ২০২৫ সালের ১৬ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৯ জুন পর্যন্ত পরিস্থিতি পর্যালোচনা করে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বড় সাংগঠনিক কাঠামোর পরিবর্তে একিউআইএস ছোট ও বিচ্ছিন্ন সেল গঠনের দিকে ঝুঁকছে। এসব সেলের মাধ্যমে সংগঠনটি রসদ সংগ্রহ, অর্থায়ন ও যোগাযোগের নেটওয়ার্ক বিস্তারের চেষ্টা করছে। বাংলাদেশকেও সংগঠনটির স্বার্থে ব্যবহারের চেষ্টা এবং এখানে সেল প্রতিষ্ঠার উদ্যোগ নিয়ে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে উদ্বেগ রয়েছে।
জাতিসংঘের মূল্যায়নে, আফগানিস্তানে আল-কায়েদার অবস্থান ও সক্ষমতায় বড় কোনো পরিবর্তন ঘটেনি। একিউআইএসের শীর্ষ নেতৃত্বের একটি অংশ আফগানিস্তানের রাজধানী কাবুলে অবস্থান করছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির সঙ্গে বাংলাদেশের ঝুঁকির বিষয়টিও প্রতিবেদনে উঠে এসেছে। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমান্তপারের সংঘাত অব্যাহত থাকায় দক্ষিণ এশিয়ায় উত্তেজনা বজায় রয়েছে। জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর আশঙ্কা, এ ধরনের সংঘাত জঙ্গি সংগঠনগুলোর জন্য নতুন সুযোগ তৈরি করতে পারে।
প্রতিবেদনে একিউআইএসের সঙ্গে পাকিস্তানভিত্তিক বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর যোগসূত্রের কথাও উল্লেখ করা হয়েছে। গত ৯ মে খাইবার পাখতুনখাওয়ার বান্নুতে আত্মঘাতী হামলা ও বিস্ফোরকভর্তি গাড়ি বিস্ফোরণে ২১ জন নিহত হওয়ার ঘটনাসহ কয়েকটি হামলার সঙ্গে সংশ্লিষ্ট একটি গোষ্ঠীর পেছনে একিউআইএসের ভূমিকার কথা বলা হয়েছে।
জাতিসংঘের পর্যবেক্ষণে আরও বলা হয়েছে, একিউআইএস এখনো জাতিসংঘের নিষেধাজ্ঞার তালিকাভুক্ত সংগঠন নয়। তবে এর আঞ্চলিক কর্মকাণ্ড, অর্থায়ন ও সাংগঠনিক বিস্তারের প্রবণতা দক্ষিণ ও মধ্য এশিয়ার নিরাপত্তার জন্য উদ্বেগের কারণ হয়ে উঠছে।
বাংলাদেশে সেল গঠনের কথাটি প্রতিবেদনে সম্ভাব্য তৎপরতা ও সদস্য রাষ্ট্রগুলোর উদ্বেগ হিসেবে এসেছে; দেশে নতুন কোনো আল-কায়েদা সেল সক্রিয় রয়েছে—এমন নিশ্চিত তথ্য প্রতিবেদনে দেওয়া হয়নি।