ব্রিটেন সংবাদ

ব্রিটেনের ১,৫০০ দাতব্য সংস্থায় সাইবার হামলার আশঙ্কা, সতর্ক আরএনএলআই

ব্রিটেনের ১,৫০০ দাতব্য সংস্থায় সাইবার হামলার আশঙ্কা, সতর্ক আরএনএলআই

লন্ডন, ২১ সেপ্টেম্বর: ব্রিটেনের অন্যতম পরিচিত দাতব্য সংস্থা আরএনএলআই জানিয়েছে, সাইবার হামলার ঘটনায় তাদের সমর্থকদের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়া হয়ে থাকতে পারে। হামলাটি সরাসরি আরএনএলআইয়ের নিজস্ব ব্যবস্থায় নয়, বরং তাদের তথ্য ব্যবস্থাপনার জন্য ব্যবহৃত তৃতীয় পক্ষের প্রতিষ্ঠান বিকন সিআরএম-এ ঘটেছে। প্রতিষ্ঠানটির সেবা ব্যবহারকারী প্রায় ১,৫০০টি দাতব্য সংস্থা এই ঘটনায় প্রভাবিত হয়েছে।

আরএনএলআই তাদের সমর্থকদের পাঠানো এক সতর্কবার্তায় জানিয়েছে, সম্ভাব্যভাবে নাম, যোগাযোগের তথ্য এবং আরএনএলআইয়ের সঙ্গে তাদের যোগাযোগের রেকর্ড আক্রান্ত হয়ে থাকতে পারে। বিকন সিআরএম ঠিক কোন কোন তথ্য বা রেকর্ড হ্যাকাররা নিয়ে গেছে, তা নির্দিষ্টভাবে শনাক্ত করতে পারেনি। তাই আরএনএলআইকে ধরে নিতে বলা হয়েছে যে তাদের ব্যবস্থায় থাকা তথ্য হাতিয়ে নেওয়া হয়ে থাকতে পারে।

ঘটনাটি ঘটে গত জুলাইয়ের শেষ দিকে। যুক্তরাজ্যের চ্যারিটি কমিশন জানিয়েছে, বিকন সিআরএমের সাইবার নিরাপত্তা ঘটনায় বিপুলসংখ্যক দাতব্য সংস্থা আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। কমিশন বিষয়টি নিয়ে তথ্য কমিশনারের দপ্তরের সঙ্গে যোগাযোগ রাখছে এবং ক্ষতিগ্রস্ত সংস্থাগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছে।

তবে এখন পর্যন্ত আরএনএলআই সমর্থকদের তথ্য প্রকাশ, অনলাইনে ছড়িয়ে দেওয়া বা অপব্যবহারের কোনো প্রমাণ পাওয়া যায়নি। আরএনএলআই জানিয়েছে, বিকন সিআরএমও তাদের জানিয়েছে যে হামলাকারীরা তথ্য নিয়ে থাকলেও তা মুছে ফেলা হবে এবং বিক্রি বা অন্য কারও সঙ্গে ভাগ করা হবে না—এমন দাবি করেছে। তবে তথ্য পুরোপুরি নিরাপদ কি না, সে বিষয়ে নিশ্চিত হওয়ার মতো প্রমাণ এখনো নেই।

সাইবার হামলার খবরটি এমন এক সময়ে সামনে এলো, যখন ইংলিশ চ্যানেলে অভিবাসনপ্রত্যাশীদের উদ্ধার করা নিয়ে আরএনএলআইয়ের স্বেচ্ছাসেবকদের বিরুদ্ধে অনলাইনে ও সরাসরি নানা ধরনের হয়রানি চলছে। সেপ্টেম্বরের শুরুতে পোর্টসমাউথে একটি নৌকা থেকে প্রায় ১২০ জনকে উদ্ধারের পর আরএনএলআই কর্মীদের লক্ষ্য করে বিক্ষোভ ও অনলাইন আক্রমণের ঘটনা ঘটে। নিরাপত্তাজনিত কারণে পোর্টসমাউথের আরএনএলআই ঘাঁটির কার্যক্রমও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল।

আরএনএলআই বলছে, তাদের কাজ হলো সমুদ্রে বিপদে পড়া মানুষের জীবন রক্ষা করা। গত বছর ইংলিশ চ্যানেলে ছোট নৌকার সঙ্গে সংশ্লিষ্ট উদ্ধার অভিযান ছিল তাদের মোট ৯,০৫৮টি কলআউটের মাত্র ১০৯টি, অর্থাৎ প্রায় ১ দশমিক ২ শতাংশ

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের আশঙ্কা, তথ্য সত্যিই হ্যাকারদের হাতে গিয়ে থাকলে ব্যক্তিগত তথ্য ব্যবহার করে প্রতারণা, পরিচয় চুরি কিংবা ব্যক্তিকে অনলাইনে হয়রানির ঝুঁকি তৈরি হতে পারে। ফলে শুধু আরএনএলআই নয়, বিকন সিআরএম ব্যবহার করা অন্য দাতব্য সংস্থাগুলোর সমর্থকদেরও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।