পোস্টালে ৫ লাখ ৫৭ হাজার ৮৫৯ ভোটার নিবন্ধন: এর মধ্যে সিলেটের ২৩,৫৯৫ জন

পোস্টালে ৫ লাখ ৫৭ হাজার ৮৫৯ ভোটার নিবন্ধন: এর মধ্যে সিলেটের  ২৩,৫৯৫ জন

ভয়েস অব পিপল রিপোর্ট ,২১ ডিসেম্বর: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে প্রবাসী এবং দেশের বাইরে অবস্থানরত সরকারি কর্মকর্তারা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন অব্যাহত রাখছেন। আজ রোববার বেলা সাড়ে ১২টা পর্যন্ত নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত আপডেট অনুযায়ী, মোট ৫ লাখ ৫৭ হাজার ৮৫৯ ভোটার নিবন্ধন করেছেন, যার মধ্যে ৫ লাখ ২৩ হাজার ২৩৮ জন পুরুষ এবং ৩৪ হাজার ৬১৯ জন নারী। এরমধ্যে সিলেটের ২৩,৫৯৫ জন ভোটার নিবন্ধন করেছেন।

প্রবাসী ভোটারদের নিবন্ধন: কোন দেশে কতজন?


সৌদি আরব থেকে সর্বোচ্চ ১ লাখ ৩৬ হাজার ৩১৯ জন নিবন্ধন করেছেন। কাতারে ৫১ হাজার ৫৮২, ওমানে ৩৭ হাজার ৭৫৫, মালয়েশিয়ায় ৩৫ হাজার ৪৬৭, সংযুক্ত আরব আমিরাতে ২৬ হাজার ৪১৮, যুক্তরাষ্ট্রে ২৩ হাজার ৮০২, কুয়েতে ১৯ হাজার ৬৭৯, যুক্তরাজ্যে ১৮ হাজার ৪৭৯, সিঙ্গাপুরে ১৭ হাজার ৫৯, ইতালিতে ১৩ হাজার ৬৯২ এবং কানাডায় ১১ হাজার ১১১ ভোটার রেজিস্ট্রেশন করেছেন।

দেশের ভেতরে ইন-কান্ট্রি পোস্টাল ভোটে ৮৩ হাজার ৮২ জন ভোটার নিবন্ধন করেছেন।

জেলা ভিত্তিক নিবন্ধন:


সর্বোচ্চ কুমিল্লা জেলায় ৫৬ হাজার ৮৮৯ ভোটার নিবন্ধন করেছেন। ঢাকা ৪৮ হাজার ২৫৪, চট্টগ্রাম ৪৭ হাজার ৩৩৯, নোয়াখালী ৩২ হাজার ৭৪৫। বিশেষভাবে সিলেটে ২৩,৫৯৫ ভোটার নিবন্ধন করেছেন, যা প্রবাসী ও স্থানীয় ভোটারদের জন্য গুরুত্বপূর্ণ সূচক। চাঁদপুরে নিবন্ধন করেছেন ২২,৩০৫ জন।

নির্বাচনী আসন অনুযায়ী:


ফেনী-৩ আসনে ৮ হাজার ৭৯২ জন, চট্টগ্রাম-১৫ আসনে ৮ হাজার ৭৫, নোয়াখালী-১ আসনে ৭ হাজার ৭৫৭, কুমিল্লা-১০ আসনে ৭ হাজার ৬৪৩ এবং নোয়াখালী-৩ আসনে ৭ হাজার ২৯০ ভোটার পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করেছেন।

প্রবাসীদের পোস্টাল ব্যালট প্রেরণ শুরু:


ইসি ইতিমধ্যে শুক্রবার ও শনিবার মোট ১০টি দেশের ৪১,৫৪৩ প্রবাসী ভোটারের কাছে পোস্টাল ব্যালট পাঠিয়েছে। যুক্তরাজ্যে ৫৭৩, অস্ট্রেলিয়ায় ৮৯২ এবং মালয়েশিয়ায় ৬,২৪৬ ব্যালট প্রেরণ করা হয়েছে। শনিবার আরও সাতটি দেশে পাঠানো হয়েছে, যার মধ্যে যুক্তরাষ্ট্রে ৮,৪৮০ এবং সৌদি আরবে ৭,৩৪৩ ব্যালট।

নিবন্ধন সময়সূচি:

  • নির্বাচনী দায়িত্বে নিয়োজিত সরকারি কর্মকর্তা: ১৮–২৫ ডিসেম্বর

  • আইনি হেফাজতে থাকা ভোটার: ২১–২৪ ডিসেম্বর

  • সাধারণ সরকারি কর্মকর্তা, নিজের এলাকার বাইরে: ২৫ ডিসেম্বর পর্যন্ত

নিবন্ধন করতে হলে ভোটারদের অবশ্যই ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ ডাউনলোড করতে হবে এবং যেখান থেকে ভোট দেবেন, সেই দেশের সঠিক ঠিকানা প্রদান করতে হবে।

ইসি জানিয়েছে, প্রবাসী ভোটাররা পোস্টাল ব্যালট প্রাপ্ত হওয়ার পর প্রতীক বরাদ্দ অনুযায়ী ভোট দেবেন। পূর্বে ভোট দেওয়া থাকলেও তা বাতিল হবে না।

কিভাবে ভোট দেবেন?

ভোট প্রদানের জন্য ভোটারগণ ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপ-এ লগইন করে সংশ্লিষ্ট আসনের প্রার্থীদের তালিকা দেখতে পাবেন এবং নির্দেশিকাতে প্রদত্ত পদ্ধতিতে ব্যালট পেপারে প্রতীকের পাশে ফাঁকা ঘরে টিক চিহ্ন কিংবা ক্রস চিহ্ন প্রদান করে করবেন।

উল্লেখ্য, প্রবাসীদের কেউ যদি (আগে থেকে প্রার্থীর বিষয় নিশ্চিত হয়ে) প্রতীক বরাদ্দের আগে ভোট দেন, তবে সেক্ষেত্রে তার ভোট বাতিল হবে না। তবে নিয়ম অনুযায়ী প্রতীক বরাদ্দ হওয়ার পর প্রার্থী দেখে ভোট দেবেন প্রবাসীরা। 

গত  শুক্রবার সন্ধ্যায় অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য ও মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের কাছে পোস্টাল ব্যালট প্রেরণ করা হয়েছে। এই তিন দেশের মধ্যে অস্ট্রেলিয়া ৮৯২টি, যুক্তরাজ্যে ৫৭৩টি ও মালয়েশিয়ায় ৬ হাজার ২৪৬টি পোস্টাল ব্যালট প্রেরণ করা হয়েছে। শনিবার সন্ধ্যায়  যুক্তরাষ্ট্রে ৮ হাজার ৪৮০টি, চীনে ৬৮১টি, কুয়েতে ১ হাজার ৩১০টি, কাতারে ২ হাজার ৭৩৭টি, সৌদি আরবে ৭ হাজার ৩৪৩টি, জাপানে ৫ হাজার ৬০০টি এবং দক্ষিণ কোরিয়ায় ৭ হাজার ৬৮১টি।