তারেক রহমানকে বহনকারী বিমানের ফ্লাইট থেকে দুই কেবিন ক্রু প্রত্যাহার

তারেক রহমানকে বহনকারী বিমানের ফ্লাইট থেকে দুই কেবিন ক্রু প্রত্যাহার

ঢাকা, ২১ ডিসেম্বর: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে ঢাকা আসবেন, সেই ফ্লাইটের দায়িত্বে থাকা দুই কেবিন ক্রুকে সরিয়ে দেওয়া হয়েছে। দায়িত্ব থেকে প্রত্যাহার হওয়া কেবিন ক্রুগণ হলেন—জুনিয়র পার্সার মো. সওগাতুল আলম সওগাত এবং ফ্লাইট স্টুয়ার্ডেস জিনিয়া ইসলাম। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দায়িত্বশীল একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্র জানায়, গোয়েন্দা প্রতিবেদনে ওই দুই কেবিন ক্রুর রাজনৈতিক সংশ্লিষ্টতার তথ্য এবং ভিআইপি যাত্রীর নিরাপত্তা নিয়ে সম্ভাব্য ঝুঁকির বিষয় উল্লেখ থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারা নিয়মিত আওয়ামী লীগ নেতা শেখ সেলিমের ফ্লাইট পরিচালনা করতেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের সঙ্গে আওয়ামী লীগের নেতাদের একাধিক ছবি প্রকাশ পাওয়ার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেওয়া হয়।

তারেক রহমান লন্ডন থেকে ঢাকায় ফেরার কথা রয়েছে আগামী ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার)। তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি–২০২ ফ্লাইটটি ২৪ ডিসেম্বর (বুধবার) সন্ধ্যায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে। ওই ফ্লাইটে তারেক রহমানের পরিবারের সদস্যদের পাশাপাশি বিএনপির একাধিক শীর্ষ নেতাও যাত্রা করবেন বলে জানা গেছে।

বিমান সূত্র আরও জানিয়েছে, প্রত্যাহার হওয়া দুই কেবিন ক্রুর পরিবর্তে ফ্লাইট পার্সার মোস্তফা এবং ফ্লাইট স্টুয়ার্ডেস আয়াতকে ফ্লাইটটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

উল্লেখ্য, এর আগেও একই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। চলতি বছরের ২ মে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার একটি ফ্লাইট থেকে গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে আল কুবরুন নাহার কসমিক ও মো. কামরুল ইসলাম রিপন নামের দুই কেবিন ক্রুকে দায়িত্ব থেকে সরানো হয়েছিল।

ভিআইপি যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থাগুলো নিয়মিতভাবে ফ্লাইট সংশ্লিষ্টদের বিষয়ে মূল্যায়ন করে থাকে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।