লক্ষ্মীপুরে বিএনপি নেতার বাড়িতে আগুন, দরজায় তালা দিয়ে পেট্রল ঢেলে হামলার অভিযোগ — অগ্নিদগ্ধ হয়ে ৭ বছরের শিশুর মৃত্যু
ভয়েস অব পিপল প্রতিবেদক, ২১ ডিসেম্বর: বাংলাদেশে উন্মত্ত জনতার সহিংসতা ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে। আগুন দিয়ে ময়মনসিংহে দীপু হত্যার জের কাটতে না কাটতেই এবার লক্ষীপুরে ঘটে গেলো আরেকটি ভয়াবহ নৃশংস ঘটনা। রাজনৈতিক প্রতিহিংসার আগুনে এ বার পুড়ে গেল একটি পরিবার। এবার বলী হলো নিষ্পাপ ৭ বছরের শিশু! চট্টগ্রাম বিভাগের লক্ষ্মীপুর জেলায় বিএনপি নেতার বাড়িতে গভীর রাতে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে সাত বছরের এই শিশুর। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ওই বিএনপি নেতা ও তাঁর আরও দুই নাবালিকা কন্যা।
নিহত শিশুটির নাম আয়েশা আক্তার। আয়েশা লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহকারী সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেনের কন্যা। শুক্রবার গভীর রাতে, আনুমানিক রাত দুইটার দিকে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বেলাল হোসেন ও তাঁর পরিবারের সদস্যরা ঘুমিয়ে থাকার সময় কয়েকজন উন্মত্ত ব্যক্তি বাড়ির সদর দরজায় বাইরে থেকে তালা লাগিয়ে দেয়। এরপর ঘরের ভেতরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পুরো ঘরে। দরজা তালাবদ্ধ থাকায় পরিবারের কেউই দ্রুত বেরিয়ে আসতে পারেননি।
এই অগ্নিকাণ্ডে ঘটনাস্থলেই মৃত্যু হয় শিশু আয়েশা আক্তারের। গুরুতর দগ্ধ হন বেলাল হোসেন ও তাঁর দুই কন্যা— বীথি আক্তার ও স্মৃতি আক্তার। বীথি ও স্মৃতিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। বেলাল হোসেন বর্তমানে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন। আগুনে বিএনপি নেতার বাড়িটি সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে গেছে।

ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বিএনপি। দলের যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান বলেন,
“পরিকল্পিতভাবে সন্ত্রাসীরা দরজায় তালা লাগিয়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়েছে। এটি একটি নির্মম ও অমানবিক হামলা। আমরা অবিলম্বে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ওয়াহিদ পারভেজ জানান, আগুনে পুড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। তিনি বলেন, এটি পরিকল্পিত হামলা কি না— সে বিষয়টি পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। দমকল বাহিনীর পক্ষ থেকেও জানানো হয়েছে, তারা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করলেও শিশুটিকে বাঁচানো সম্ভব হয়নি।
একটি শিশুর ঘুমন্ত দেহ আগুনে ঝলসে যাওয়ার এই ঘটনা শুধু একটি রাজনৈতিক হামলাই নয়— এটি বাংলাদেশের ক্রমবর্ধমান সহিংসতা ও বিচারহীনতার এক ভয়ংকর প্রতিচ্ছবি। প্রশ্ন উঠছে, রাজনৈতিক পরিচয়ের কারণে যদি একটি পরিবারের দরজায় তালা লাগিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়, তবে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?