বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে সহিংসতা এড়াতে ও শান্ত থাকার আহ্বান জাতিসংঘ মহাসচিবের
ভয়েস অব পিপল ডেস্ক, ২১ ডিসেম্বর: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের পর বাংলাদেশের বিভিন্ন স্থানে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার প্রেক্ষিতে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস সহিংসতা পরিহার এবং সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন।
শুক্রবার নিউইয়র্কে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে জাতিসংঘ মুখপাত্র স্টেফান ডুয়ারিচের মাধ্যমে মহাসচিবের বক্তব্য জানানো হয়। বিবৃতিতে গুতেরেস হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে বাংলাদেশের কর্তৃপক্ষকে জবাবদিহিতা নিশ্চিত করতে এবং আন্তর্জাতিক মানবাধিকারের মানদণ্ড অনুযায়ী দ্রুত, স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত চালানোর আহ্বান জানান।

তিনি বিশেষভাবে উল্লেখ করেছেন, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনের প্রেক্ষাপটে সকলকে সংযম প্রদর্শন করতে হবে, যাতে নাগরিকরা নিরাপদে ভোট দিতে এবং শান্তিপূর্ণভাবে মতামত প্রকাশ করতে পারেন।
জাতিসংঘ মানবাধিকার কার্যালয়ের মুখপাত্র জেরেমি লরেন্সও শুক্রবার এক বিবৃতিতে বলেন, “বাংলাদেশে গত বছরের বিক্ষোভের অন্যতম নেতা শরিফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। গুলিবিদ্ধ হয়ে তিনি মারা গেছেন। আমরা সবাইকে শান্ত থাকতে এবং সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।” তিনি আরও বলেন, “ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচন নিরাপদ এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

জাতিসংঘের পক্ষ থেকে বাংলাদেশের কর্তৃপক্ষকে সতর্ক করে বলা হয়েছে, নাগরিকদের মতপ্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশের অধিকার এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, যাতে নতুন অশান্তি সৃষ্টি না হয় এবং নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হতে পারে।
জাতিসংঘের এই আহ্বান আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করছে এবং বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বৈশ্বিক উদ্বেগকে আরও তীব্র করছে।