প্রথম আলো–ডেইলি স্টার অফিসে হামলা এবং ওসমান হাদির হত্যায় লন্ডন-বাংলা প্রেসক্লাবের নিন্দা ও উদ্বেগ প্রকাশ

প্রথম আলো–ডেইলি স্টার অফিসে হামলা  এবং ওসমান হাদির হত্যায় লন্ডন-বাংলা প্রেসক্লাবের নিন্দা ও  উদ্বেগ প্রকাশ

কমিউনিটি ডেস্ক, ২০ ডিসেম্বর:  যুক্তরাজ্যের প্রতিনিধিত্বশীল বাংলা মিডিয়া সংগঠন লন্ডন বাংলা প্রেস ক্লাব বাংলাদেশের সংবাদপত্র দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার অফিসে ভাংচুর ও অগ্নিসংযোগ, এবং ডেইলি নিউ এজ-এর সম্পাদক নূরুল কবীরের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে।

প্রেস ক্লাবের প্রেসিডেন্ট মুহাম্মদ জুবায়ের, জেনারেল সেক্রেটারি তাইসির মাহমুদ ও ট্রেজারার সালেহ আহমেদ এক যৌথ বিবৃতিতে বলেন, এ ধরনের হামলা স্বাধীন গণমাধ্যম, মতপ্রকাশের স্বাধীনতা ও জনগণের তথ্যাধিকারের ওপর সরাসরি আঘাত এবং দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার পথে গুরুতর বাধা। তারা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও সাংবাদিকদের প্রতি সমবেদনা জানান এবং হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের ঘটনায় গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করেন। তারা বলেন, “ওসমান হাদি গণতন্ত্রের জন্য নিবেদিত এক সাহসী সৈনিক ছিলেন এবং শহীদ হয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।” নেতৃবৃন্দ হামলার পেছনের নেপথ্য ব্যক্তিদের আইনের আওতায় আনার জোর দাবি জানান। প্রেস ক্লাবের নেতারা সবাইকে সংযম, ধৈর্য ও দায়িত্বশীলতার আহ্বান জানান, উল্লেখ করে যে সহিংসতা বা অগ্নিসংযোগ কখনও সমাধান হতে পারে না, বরং ভিন্নমতের সঙ্গে যুক্তি ও তর্কের মাধ্যমে মত প্রকাশই গ্রহণযোগ্য।