লন্ডনে সাংস্কৃতিক কর্মীদের সমাবেশে ছায়ানট-উদীচী ও সংবাদপত্রে হামলার প্রতিবাদ

লন্ডনে সাংস্কৃতিক কর্মীদের সমাবেশে ছায়ানট-উদীচী ও সংবাদপত্রে হামলার প্রতিবাদ

কমিউনিটি ডেস্ক, ২৩ ডিসেম্বর ২০২৫: বাংলাদেশে সংবাদপত্রের পাশাপাশি ছায়ানট ও উদীচীর কার্যালয়ে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের প্রতিবাদে লন্ডনের আলতাব আলী পার্কে সমাবেশ করেছে যুক্তরাজ্যের সাংস্কৃতিক কর্মীরা। রোববার দুপুরে বৈরি আবহাওয়া উপেক্ষা করে শতাধিক মানুষ এতে অংশ নেন।

সমাবেশে ‘ফিরে চল মাটির টানে’ ও ‘মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম’ গান পরিবেশন করে অনুষ্ঠান শুরু হয়। সঞ্চালনা করেন উর্মি মাজহারডা. ইমতিয়াজ আহমেদ, এবং সাংগঠনিক দায়িত্বে ছিলেন নুরুল ইসলাম ও কমিউনিটি ব্রডকাস্টার জয়দ্বীপ রায়

বক্তব্য দেন লুসি রহমান, হিমাংশু গোস্বামী, হাবিব রহমান, হামিদ মোহাম্মদ, সৈয়দ আনাস পাশা, গোলাম মোস্তফা, গোপাল দাস, মৃত্তিকা সংহিতা অথই এবং শামীম চৌধুরী প্রমুখ।

ডা. ইমতিয়াজ আহমেদ বলেন, “ছায়ানট, উদীচী ও গণমাধ্যমের ওপর হামলা আমাদের বাঙালি জাতিসত্তা, সাংস্কৃতিক ঐতিহ্য ও মানবতাবাদী চেতনার ওপর সরাসরি আঘাত। আমরা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছে সুষ্ঠু বিচার দাবি করছি।”

উর্মি মাজহার বলেন, “বাউল ও লোকসংগীতশিল্পীদের ওপর ধারাবাহিক হামলার মধ্য দিয়ে আমাদের কণ্ঠ রোধ করা যাবে না। এক কণ্ঠ আজ কোটি কণ্ঠ হয়ে প্রতিবাদ জানাচ্ছে।”

সাংস্কৃতিক সংগঠক নুরুল ইসলাম বাংলাদেশে চলমান নৈরাজ্য ও বর্বরতার বিরুদ্ধে ধারাবাহিক সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। সমাবেশের শেষে জাতীয় সংগীত পরিবেশন করে প্রতিবাদ সমাপ্ত করা হয় এবং উপস্থিত সবাই ঐক্য বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।