আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো সাংবাদিক ও শিল্পীদের ওপর হামলার তদন্তের আহ্বান জানাল
লন্ডন, ২৩ ডিসেম্বর ২০২৫: সাতটি আন্তর্জাতিক মানবাধিকার ও সাংবাদিক সংগঠন বাংলাদেশের স্বাধীন সংবাদমাধ্যম, সাংবাদিক ও শিল্পীদের ওপর হামলার দ্রুত, স্বাধীন ও স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছে। একই সঙ্গে তারা ঘটনার সঙ্গে জড়িত সকল অপরাধী, পরিকল্পনাকারী ও উসকানিদাতাদের আইনগত প্রক্রিয়ার মাধ্যমে জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক হিউম্যান রাইটস ওয়াচ, অ্যাকসেস নাউ, আর্টিকেল নাইনটিন, কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস, ইন্টারন্যাশনাল ট্রুথ অ্যান্ড জাস্টিস প্রজেক্ট, জার্নালিস্ট ফর ডেমোক্রেসি ইন শ্রীলঙ্কা ও টেক গ্লোবাল ইনস্টিটিউট যৌথ বিবৃতিতে গত ১৮ ডিসেম্বর প্রথম আলো, দ্য ডেইলি স্টার ও ছায়ানটে হামলার নিন্দা জানিয়েছে।
বিবৃতিতে আরও উদ্বেগ প্রকাশ করা হয়েছে ময়মনসিংহের ভালুকা উপজেলায় দীপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যা ও পুড়িয়ে মারার ঘটনা, এবং জুলাই গণ-অভ্যুত্থানের নেতা শরিফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ড নিয়ে। সংগঠনগুলো জানিয়েছে, রাজনীতিবিদ, অধিকারকর্মী ও সংবাদমাধ্যমগুলোকে লক্ষ্যবস্তু করার ঘটনা এবং নির্বাচন-আসন্ন সময়ে মতপ্রকাশ ও গণতান্ত্রিক অংশগ্রহণের সংকোচন গুরুতর উদ্বেগের বিষয়।
বিবৃতিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে, হুমকি পরিস্থিতিতে সাংবাদিক, সংবাদকর্মী, সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক প্রতিষ্ঠান ও তাদের কর্মীদের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে।