যুক্তরাজ্যে সামনে আরও ভয়াবহ তাপদাহের আশঙ্কা

যুক্তরাজ্যে সামনে আরও ভয়াবহ তাপদাহের আশঙ্কা

ভয়েস অব পিপল ডেস্ক , লন্ডন :

যুক্তরাজ্যে চলমান উষ্ণ আবহাওয়া আগামী কয়েক দিনে আরও তীব্র রূপ নিতে পারে বলে সতর্ক করেছে দেশটির আবহাওয়া বিভাগ। ব্যাংক হলিডে উইকেন্ডজুড়ে তাপমাত্রা দ্রুত বাড়তে পারে এবং সোমবার দক্ষিণ ইংল্যান্ড ও মিডল্যান্ডস অঞ্চলে তা ৩৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছানোর আশঙ্কা রয়েছে।

মেট অফিস জানিয়েছে, চলতি মে মাসে যুক্তরাজ্য ইতোমধ্যেই অস্বাভাবিক গরম অনুভব করছে। শনিবার কেন্টের ফ্রিটেনডেনে তাপমাত্রা ৩০.৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়, যা ২০১২ সালের পর প্রথমবারের মতো মে মাসে ৩০ ডিগ্রি অতিক্রমের ঘটনা।

তবে আবহাওয়াবিদদের মতে, আসল উদ্বেগ এখন সামনে থাকা কয়েক দিন নিয়ে। পূর্বাভাস বলছে, সোমবারের তাপমাত্রা অতীতের বহু রেকর্ড ছাড়িয়ে যেতে পারে। বর্তমানে যুক্তরাজ্যের মে মাসের সর্বোচ্চ তাপমাত্রা ৩২.৮ ডিগ্রি সেলসিয়াস, যা ১৯২২ ও ১৯৪৪ সালে বিভিন্ন স্থানে রেকর্ড হয়েছিল।

রবিবারও দক্ষিণাঞ্চলে তাপমাত্রা ৩১ ডিগ্রির কাছাকাছি থাকতে পারে। উত্তরাঞ্চলেও গরমের মাত্রা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি থাকবে এবং তাপমাত্রা ২৬ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে।

আবহাওয়া দপ্তরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ গ্রেগ ডিউহার্স্ট বলেন, পুরো ব্যাংক হলিডে জুড়ে উচ্চচাপ বলয় সক্রিয় থাকায় ইংল্যান্ড ও ওয়েলসে টানা তীব্র রোদ ও গরম আবহাওয়া বিরাজ করবে। যদিও স্কটল্যান্ডের উত্তর-পশ্চিমাঞ্চল ও নর্দার্ন আয়ারল্যান্ডে কিছু বৃষ্টি ও মেঘ দেখা যেতে পারে।

শুধু তাপমাত্রাই নয়, সূর্যের অতিবেগুনি রশ্মির মাত্রাও বাড়বে বলে সতর্ক করা হয়েছে। অনেক এলাকায় UV ইনডেক্স উচ্চমাত্রায় পৌঁছাতে পারে, যা ত্বক ও স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ।

এদিকে ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সি (UKHSA) লন্ডন, পূর্ব ইংল্যান্ড, দক্ষিণ-পূর্বাঞ্চল, ইস্ট মিডল্যান্ডস ও ওয়েস্ট মিডল্যান্ডসে অ্যাম্বার হিট হেলথ অ্যালার্ট জারি করেছে। এই সতর্কতা বুধবার বিকেল পর্যন্ত কার্যকর থাকবে।

সংস্থাটি জানিয়েছে, অতিরিক্ত গরমের কারণে বিশেষ করে বয়স্ক ও অসুস্থ মানুষের মধ্যে স্বাস্থ্যঝুঁকি বাড়তে পারে। একই সঙ্গে হাসপাতাল ও স্বাস্থ্যসেবায় অতিরিক্ত চাপ সৃষ্টি হওয়ার আশঙ্কাও রয়েছে।

বিশেষজ্ঞরা জনগণকে অপ্রয়োজনে দীর্ঘসময় রোদে না থাকা, বেশি পানি পান করা এবং শিশু ও বয়স্কদের প্রতি বিশেষ নজর রাখার পরামর্শ দিয়েছেন।