লন্ডন বাংলা প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে তারেক চৌধুরী সভাপতি, আকরামুল হোসেন সাধারণ সম্পাদক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে তারেক চৌধুরী সভাপতি, আকরামুল হোসেন সাধারণ সম্পাদক

ভয়েস অব পিপল ডেস্ক │ লন্ডন

যুক্তরাজ্যের বাংলা সংবাদকর্মীদের প্রতিনিধিত্বকারী সংগঠন লন্ডন বাংলা প্রেস ক্লাবের দ্বিবার্ষিক সাধারণ সভা ও কার্যনির্বাহী পরিষদের নির্বাচন রবিবার (২৫ জানুয়ারি) উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। পূর্ব লন্ডনের ইম্প্রেশন ইভেন্ট হলে আয়োজিত এই নির্বাচনে সংগঠনের ৩৩৫ জন সদস্যের মধ্যে ৩২৫ জন ভোটাধিকার প্রয়োগ করেন, যা মোট ভোটারের প্রায় ৯৭ শতাংশ—সংগঠনের ইতিহাসে একটি উল্লেখযোগ্য অংশগ্রহণের নজির।

নির্বাচনে প্রেসিডেন্ট পদে ১৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বাংলা পোস্ট-এর সম্পাদক তারেক চৌধুরী। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এটিএন বাংলা ইউকের হেড অব নিউজ সাঈম চৌধুরী পেয়েছেন ১৫৫ ভোট। জেনারেল সেক্রেটারি পদে ১৬৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এনটিভি ইউরোপের চিফ রিপোর্টার মো. আকরামুল হোসেন। তাঁর প্রতিদ্বন্দ্বী বাংলা পোস্ট-এর সালেহ আহমেদ পেয়েছেন ১৫৮ ভোট। ট্রেজারার পদে ১৯৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন টু এ নিউজ-এর সম্পাদক মো. আব্দুল হান্নান। তাঁর প্রতিদ্বন্দ্বী শাহনাজ সুলতানা পেয়েছেন ১২৪ ভোট।

অন্যান্য পদে নির্বাচিতরা হলেন—


সিনিয়র ভাইস প্রেসিডেন্ট: তাইসির মাহমুদ (১৬৮ ভোট)
ভাইস প্রেসিডেন্ট: আহাদ চৌধুরী বাবু (১৭২ ভোট) – একমাত্র স্বতন্ত্র প্রার্থী
এসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি: আব্দুল কাদির চৌধুরী মুরাদ (১৮২ ভোট)
জয়েন্ট ট্রেজারার: মো. এখলাছুর রহমান পাককু (১৭৭ ভোট)
অর্গানাইজিং অ্যান্ড ট্রেনিং সেক্রেটারি: আলাউর রহমান খান শাহিন (১৬৬ ভোট)
মিডিয়া অ্যান্ড আইটি সেক্রেটারি: ফয়সাল মাহমুদ (১৯০ ভোট)
ইভেন্ট অ্যান্ড ফ্যাসিলিটিজ সেক্রেটারি: রুপি আমিন (১৯০ ভোট)

এক্সিকিউটিভ মেম্বার পদে ফার্স্ট এক্সিকিউটিভ মেম্বার হিসেবে নির্বাচিত হয়েছেন মো. সরওয়ার হোসেন (২০১ ভোট)। এছাড়া নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন সাহিদুর রহমান সোহেল, লোকমান হোসেন কাজী, ফারজানা চৌধুরী ও এনামুল হক চৌধুরী।

নির্বাচনে তারেক–আকরাম–শাহনাজ টিম থেকে ৮ জন এবং সাঈম–সালেহ–হান্নান টিম থেকে ৬ জন প্রার্থী বিজয়ী হন।

নির্বাচন কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন প্রথম ব্রিটিশ বাংলাদেশি বিচারপতি বেলায়েত হোসেন। কমিশনার ছিলেন শাহগির বখত ফারুক ও সিরাজুল বাসিত চৌধুরী। তাঁদের নেতৃত্বে একটি দক্ষ ও শক্তিশালী টিম নির্বাচন কার্যক্রম পরিচালনা করে।

নির্বাচনের আগে দুপুরে অনুষ্ঠিত হয় ক্লাবের বার্ষিক সাধারণ সভা (এজিএম)। সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন বিদায়ী সভাপতি মুহাম্মদ জুবায়ের। তিনি তাঁর মেয়াদকালের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে বিদায়ী কমিটির সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং নতুন নেতৃত্বের প্রতি আশাবাদ ব্যক্ত করেন।

সাধারণ সম্পাদক তাইসির মাহমুদ তাঁর প্রতিবেদনে বলেন, গত দুই বছরে ক্লাবকে মর্যাদার সঙ্গে কমিউনিটির কাছে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। অনলাইন মেম্বারশিপ চালু এবং দেশজুড়ে ২০টি মিডিয়া অ্যাওয়ার্ড প্রবর্তনকে তিনি উল্লেখযোগ্য সাফল্য হিসেবে উল্লেখ করেন।

বিদায়ী ট্রেজারার সালেহ আহমেদ আর্থিক প্রতিবেদন উপস্থাপন করে জানান, ক্লাবের মোট সম্পদের পরিমাণ বর্তমানে প্রায় ২ লাখ ২১ হাজার পাউন্ড।

এজিএম-এর শেষ পর্যায়ে প্রখ্যাত সাংবাদিক মার্ক টালির মৃত্যুতে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সন্ধ্যায় অনুষ্ঠিত হয় লাইফ মেম্বার রিসিপশন, এলবিপিসি মিডিয়া অ্যাওয়ার্ড ও সাংস্কৃতিক পরিবেশনা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটিশ পার্লামেন্ট সদস্য আপসানা বেগম। তিনি লন্ডন বাংলা প্রেস ক্লাবকে কমিউনিটির জন্য একটি গুরুত্বপূর্ণ সংগঠন হিসেবে আখ্যায়িত করে সাংবাদিকতার উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

লন্ডন বাংলা প্রেস ক্লাবের এই নির্বাচন উপলক্ষে ইম্প্রেশন ইভেন্ট ভেনু এক মিলনমেলায় পরিণত হয়, যেখানে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে তিন শতাধিক সাংবাদিক অংশগ্রহণ করেন।