৪,০০০টি নতুন সাশ্রয়ী ও সামাজিক ভাড়ার বাসা নির্মাণের লক্ষ্য, ফস্টার কেয়ারারদের জন্য ১০০% কাউন্সিল ট্যাক্স ছাড়
টাওয়ার হ্যামলেটস-এর তিন বছরের বাজেট অনুমোদন
ভয়েস অব পিপল রিপোর্ট, ২৬ ফেব্রুয়ারি:
লন্ডনের আবাসন সংকট মোকাবিলা, ঝুঁকিপূর্ণ পরিবারকে সুরক্ষা এবং ফ্রন্টলাইন সেবায় বিনিয়োগ—এই তিন অগ্রাধিকারকে সামনে রেখে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের আগামী তিন বছরের পূর্ণ ব্যয় নির্ধারিত বাজেট অনুমোদিত হয়েছে। ২৫ ফেব্রুয়ারি বুধবার অনুষ্ঠিত ফুল কাউন্সিল সভায় বাজেটটি পাস হয়।
নতুন বাজেটের কেন্দ্রবিন্দুতে রয়েছে আবাসন খাত। আগামী পাঁচ বছরে কাউন্সিল মালিকানাধীন বাড়িঘরের উন্নয়নে অতিরিক্ত ১০০ মিলিয়ন পাউন্ড বরাদ্দ রাখা হয়েছে। ফলে এ খাতে মোট বিনিয়োগ দাঁড়াচ্ছে ৩৪৫ মিলিয়ন পাউন্ড, যা আগামী দশ বছরে কাউন্সিলের আবাসন সম্পদ উন্নয়নে নির্ধারিত অতিরিক্ত ৬০৯ মিলিয়ন পাউন্ড বিনিয়োগ পরিকল্পনার অংশ।
বাজেট ২০২৬–২৭: গুরুত্বপূর্ণ হাইলাইটস
-
আবাসন উন্নয়নে অতিরিক্ত £১০০ মিলিয়ন, মোট বিনিয়োগ দাঁড়াচ্ছে £৩৪৫ মিলিয়ন
-
মে ২০২৬ সালের মধ্যে ৪,০০০টি নতুন সাশ্রয়ী ও সামাজিক ভাড়ার বাসা নির্মাণের লক্ষ্য
-
ফস্টার কেয়ারারদের জন্য ১০০% কাউন্সিল ট্যাক্স ছাড়
-
টেম্পোরারি হাউজিং চাহিদা মোকাবিলায় £৪৫ মিলিয়ন বরাদ্দ
-
নতুন ‘রেন্ট হার্ডশিপ ফান্ড’ – £৪ লাখ
-
এডাল্ট সোশ্যাল কেয়ারে অতিরিক্ত £২২.৫ মিলিয়ন, মোট বরাদ্দ £২৮.৪ মিলিয়ন
-
১,২৪,০০০ ফ্ল্যাটে সাপ্তাহিক খাদ্য বর্জ্য সংগ্রহ সম্প্রসারণে £২.৫৮ মিলিয়ন
-
ইয়ুথ সার্ভিসে £১৩.৭ মিলিয়ন, চালু থাকবে ২০টি যুবকেন্দ্র
-
২৮,০০০ পরিবার কাউন্সিল ট্যাক্স রিডাকশন স্কিমে গত বছর সাশ্রয় করেছে £৩৬.৫ মিলিয়ন
-
জেনারেল ফান্ড রেভিনিউ বাজেট: £৪৯৭.৭৯৭ মিলিয়ন
-
আগামী তিন বছরে রিজার্ভ বৃদ্ধি পাবে £৫০ মিলিয়ন
নতুন ঘর নির্মাণ ও ভাড়া সহায়তা
কাউন্সিলের বিস্তৃত আবাসন পরিকল্পনায় মে ২০২৬ সালের মধ্যে ৪,০০০টি নতুন সাশ্রয়ী ও সামাজিক ভাড়ার বাসা নির্মাণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এছাড়া মেয়রের এক্সেলারেটেড হাউজিং প্রোগ্রামের মাধ্যমে আরও ৩,৩৩২টি নতুন ঘর নির্মাণের সুযোগ সৃষ্টি হবে।
টেম্পোরারি হাউজিং ভাড়ার ব্যয় ৪৪ শতাংশ বৃদ্ধি পাওয়ায় বাড়তি চাহিদা মোকাবিলায় ৪৫ মিলিয়ন পাউন্ড বরাদ্দ রাখা হয়েছে। পাশাপাশি যেসব ভাড়াটিয়ার ভাড়া বৃদ্ধি বিদ্যমান হাউজিং বেনিফিট বা ইউনিভার্সাল ক্রেডিট দ্বারা পূরণ হয় না, তাদের জন্য ৪ লাখ পাউন্ডের নতুন ‘রেন্ট হার্ডশিপ ফান্ড’ চালু করা হয়েছে।
ফস্টার কেয়ারারদের জন্য ট্যাক্স ছাড়
বারার শিশু ও তরুণদের সহায়তায় নতুন পদক্ষেপ হিসেবে ফস্টার কেয়ারারদের জন্য ১০০ শতাংশ কাউন্সিল ট্যাক্স ছাড় ঘোষণা করা হয়েছে, যার আর্থিক মূল্য প্রায় ৭৮০ হাজার পাউন্ড। এছাড়া ঘরে পড়াশোনার বাড়তি চাহিদা মোকাবিলায় একটি বিশেষ দল গঠনে ৪৫৩ হাজার পাউন্ড বরাদ্দ রাখা হয়েছে।
কাউন্সিল ইতোমধ্যে প্রাইমারি ও সেকেন্ডারি স্কুলে সর্বজনীন বিনামূল্যে খাবার চালু রেখেছে। ২০২৩ সালে সেকেন্ডারি পর্যায়ে চালুর পর থেকে এখন পর্যন্ত ২০ লাখের বেশি মিল পরিবেশন করা হয়েছে। স্কুল ইউনিফর্ম সহায়তায় ৩ মিলিয়ন পাউন্ড তহবিলের মাধ্যমে প্রতিবছর প্রায় ৭,০০০ পরিবার সহায়তা পাচ্ছে। এছাড়া ১৩.৭ মিলিয়ন পাউন্ড ব্যয়ে ২০টি ‘ইয়ং টাওয়ার হ্যামলেটস’ যুবকেন্দ্র চালু রাখা হয়েছে। সম্প্রতি ২০তম কেন্দ্রটি উদ্বোধন করা হয়েছে।
পরিবেশ ও বর্জ্য ব্যবস্থাপনা
বারার প্রায় ৮৭ শতাংশ প্রোপার্টি ফ্ল্যাট হওয়ায় রিসাইক্লিং একটি বড় চ্যালেঞ্জ। এ প্রেক্ষাপটে ১ লাখ ২৪ হাজার ফ্ল্যাটে সাপ্তাহিক খাদ্য বর্জ্য সংগ্রহ সেবা সম্প্রসারণে ২.৫৮ মিলিয়ন পাউন্ড বরাদ্দ রাখা হয়েছে। গত বছরের ১৫ মিলিয়ন পাউন্ড বিনিয়োগের ধারাবাহিকতায় এ উদ্যোগ নেওয়া হয়েছে।
লেইজার ও জনস্বাস্থ্য উদ্যোগ
নারী, ১৬ বছরের বেশি কিশোরী এবং ৫৫ বছরের বেশি পুরুষদের জন্য চালু থাকা ফ্রি সাঁতার সুবিধায় ইতোমধ্যে ২০,৫০০-এর বেশি বাসিন্দা নিবন্ধন করেছেন। এ সুবিধা এখন ৩৫ বছরের বেশি পুরুষদের জন্যও সম্প্রসারণ করা হবে।
হোয়াইটচ্যাপেল ও মাইল এন্ড লেজার সেন্টারের জিম রাত ২টা পর্যন্ত খোলা রাখার একটি পাইলট কর্মসূচির প্রস্তাবও রয়েছে, যা বাস্তবায়িত হলে বছরে প্রায় ৫০ হাজার পাউন্ড অতিরিক্ত আয় হতে পারে।
প্রাপ্তবয়স্ক সামাজিক সেবা
বাড়তি চাহিদা মোকাবিলায় এডাল্ট সোশ্যাল কেয়ারে ২২.৫ মিলিয়ন পাউন্ড বরাদ্দ রাখা হয়েছে। এর সঙ্গে মিলস অন হুইলস সেবা এবং বিনামূল্যে হোমকেয়ার কার্যক্রম চালু থাকবে। টাওয়ার হ্যামলেটস দেশব্যাপী দ্বিতীয় কাউন্সিল, যারা প্রয়োজন নির্ধারণের ভিত্তিতে আয়ের তোয়াক্কা না করে বয়স্ক ও প্রতিবন্ধী বাসিন্দাদের বিনামূল্যে হোমকেয়ার প্রদান করে।
সরকারি নির্দেশনার সঙ্গে সামঞ্জস্য রেখে সাধারণ কাউন্সিল ট্যাক্সে ২.৯৯ শতাংশ এবং এডাল্ট সোশ্যাল কেয়ার প্রিসেপ্ট হিসেবে ২ শতাংশ বৃদ্ধির প্রস্তাব রয়েছে। তবে নিম্ন আয়ের পরিবারগুলোর জন্য উদার লোকাল কাউন্সিল ট্যাক্স রিডাকশন স্কিম বহাল থাকবে, যাতে সবচেয়ে দরিদ্র পরিবারগুলোকে কোনো কাউন্সিল ট্যাক্স দিতে না হয়। বর্তমানে লন্ডনে ষষ্ঠ সর্বনিম্ন কাউন্সিল ট্যাক্স হার টাওয়ার হ্যামলেটসের।
দায়িত্বশীল বাজেট ব্যবস্থাপনা
২০২৬–২৭ অর্থবছরের জন্য ৪৮২.১৫১ মিলিয়ন পাউন্ডের জেনারেল ফান্ড রেভিনিউ বাজেট অনুমোদন করা হয়েছে। আগামী তিন বছরে কাউন্সিলের রিজার্ভ ৫০ মিলিয়ন পাউন্ড বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি সেবা দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ৫ মিলিয়ন পাউন্ডের ট্রান্সফরমেশন রিজার্ভ রাখা হয়েছে। দক্ষতা বৃদ্ধির মাধ্যমে ইতোমধ্যে ৬.৪২ মিলিয়ন পাউন্ড সাশ্রয় অর্জিত হয়েছে।
এক্সিকিউটিভ মেয়র লুৎফুর রহমান বলেন, সতর্ক ও দায়িত্বশীল বাজেট ব্যবস্থাপনার মাধ্যমে ফ্রন্টলাইন সেবায় নজিরবিহীন বিনিয়োগ সম্ভব হয়েছে। আবাসন সংকট মোকাবিলা, ঝুঁকিপূর্ণ ভাড়াটিয়াদের সহায়তা, ফস্টার কেয়ারারদের স্বীকৃতি এবং বয়স্ক ও প্রতিবন্ধী বাসিন্দাদের জন্য বিনামূল্যে হোমকেয়ার অব্যাহত রাখাকে তিনি এই বাজেটের মূল সাফল্য হিসেবে উল্লেখ করেন।
রিসোর্সেস ও কস্ট অব লিভিং বিষয়ক ক্যাবিনেট সদস্য কাউন্সিলর সাইয়েদ আহমেদ বলেন, এই বাজেট তাৎক্ষণিক সহায়তার পাশাপাশি দীর্ঘমেয়াদি সাশ্রয় নিশ্চিত করার লক্ষ্য নিয়েই প্রণয়ন করা হয়েছে।