ভয়েস অব পিপল ।। জনগণের কণ্ঠস্বর, বাস্তবতার প্রতিচ্ছবি

হাতি নিয়ে চাঁদাবাজির সময় দুর্ঘটনা, ইজিবাইক উল্টে ১০ মাসের শিশুর মৃত্যু

হাতি নিয়ে চাঁদাবাজির সময় দুর্ঘটনা, ইজিবাইক উল্টে ১০ মাসের শিশুর মৃত্যু

বাংলাদেশ প্রতিনিধি, ২৯ জুলাই: ফরিদপুরের সদরপুর উপজেলায় সড়কে হাতি নিয়ে যানবাহনের কাছ থেকে চাঁদা তোলার সময় ঘটে যাওয়া এক দুর্ঘটনায় ১০ মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে অভিযুক্ত মাহুতকে আটক করে পুলিশ।

মঙ্গলবার দুপুরে উপজেলার আটরশি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আরিশা জান্নাত ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের গুলবন্দি গ্রামের বাসিন্দা সজিব মোল্লার মেয়ে।

স্থানীয় সূত্র জানায়, অসুস্থ আরিশাকে চিকিৎসকের কাছে নিয়ে যেতে তার মা একটি ব্যাটারিচালিত ইজিবাইকে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্দেশে রওনা হন। পথে আটরশি এলাকায় একটি হাতি নিয়ে সড়কে দাঁড়িয়ে বিভিন্ন যানবাহনের কাছ থেকে টাকা আদায় করা হচ্ছিল।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ইজিবাইকটি হাতির সামনে পৌঁছালে চালক টাকা না দিয়ে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় হাতিটি হঠাৎ রাস্তার দিকে এগিয়ে এলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে ইজিবাইকটি উল্টে যায় এবং মায়ের কোলে থাকা শিশু আরিশা গাড়ির নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়।

স্থানীয়রা দ্রুত শিশুটিকে উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ঘটনার পর ক্ষুব্ধ জনতা হাতির মাহুতকে আটক করে মারধর করে এবং হাতিটিকেও আটকে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাহুতকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

সদরপুর থানার পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। নিহত শিশুর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে আটক হাতিটিকে বন বিভাগের কাছে হস্তান্তরের প্রক্রিয়াও চলছে।

স্থানীয়দের দাবি, সড়কে হাতি নিয়ে চাঁদা তোলার প্রবণতা দীর্ঘদিনের হলেও এর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় এমন দুর্ঘটনা ঘটেছে। ভবিষ্যতে এ ধরনের ঝুঁকিপূর্ণ কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপ নেওয়ারও দাবি জানিয়েছেন তারা।