ভয়েস অব পিপল ।। জনগণের কণ্ঠস্বর, বাস্তবতার প্রতিচ্ছবি

বাংলাদেশে বিশেষ অভিযানে আড়াই মাসে গ্রেপ্তার প্রায় ১ লাখ ৪২ হাজার, উদ্ধার বিপুল অস্ত্র ও মাদক

বাংলাদেশে বিশেষ অভিযানে আড়াই মাসে গ্রেপ্তার প্রায় ১ লাখ ৪২ হাজার, উদ্ধার বিপুল অস্ত্র ও মাদক

বাংলাদেশ প্রতিনিধি, ২৯ জুলাই: গত প্রায় আড়াই মাসে দেশজুড়ে পরিচালিত বিশেষ অভিযান ও নিয়মিত পুলিশি তৎপরতায় প্রায় ১ লাখ ৪২ হাজার ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, দেশীয় অস্ত্র এবং বিভিন্ন ধরনের মাদক উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

মঙ্গলবার পুলিশ সদরদপ্তরের প্রকাশিত এক পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ১ মে থেকে ২৭ জুলাই পর্যন্ত মোট ১ লাখ ৪১ হাজার ৯৮৯ জন গ্রেপ্তার হয়েছেন। এর মধ্যে বিশেষ অভিযানে ৩৯ হাজার ২৬৭ জন এবং বিভিন্ন ফৌজদারি মামলা ও নিয়মিত অভিযানে ১ লাখ ২ হাজার ৭২২ জনকে আটক করা হয়েছে।

অভিযানগুলোতে ৩২৫টি আগ্নেয়াস্ত্র, ২ হাজার ৮০২ রাউন্ড গুলি ও কার্তুজ, ১০৩টি ম্যাগাজিন, ৬৩৮টি দেশীয় অস্ত্র, ১৭টি বোমা, ৪৬টি ককটেল, প্রায় ২ দশমিক ২৫ কেজি গানপাউডার, আগ্নেয়াস্ত্র তৈরির বিভিন্ন যন্ত্রাংশ এবং ১০ হাজার ৩০০টি চকলেট বাজি উদ্ধার করা হয়েছে।

উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে পিস্তল, রিভলবার, রাইফেল, শটগান, এলজি গান, শুটার গান, পাইপগান, সাবমেশিনগান (এসএমজি), এয়ারগান ও পেনগানও রয়েছে।

মাদকবিরোধী অভিযানে উদ্ধার হয়েছে ৯১ লাখ ২২ হাজার ৯৯৬টি ইয়াবা ট্যাবলেট, ৯ হাজার ৮০ পুরিয়া হেরোইন, ৪ হাজার ৯৫ বোতল ফেনসিডিল, ৮ হাজার ২১১ বোতল বিদেশি মদ, ৪২৩ বোতল দেশীয় মদ, ৮ হাজার ৫৫২ পুরিয়া গাঁজাসহ অন্যান্য নিষিদ্ধ মাদকদ্রব্য।

সরকারি তথ্য অনুযায়ী, এসব মাদক উদ্ধারের ঘটনায় ১৭ হাজার ৬৬টি মামলা দায়ের করা হয়েছে এবং ২৪ হাজার ৮২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র উদ্ধার এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।