ভয়েস অব পিপল ।। জনগণের কণ্ঠস্বর, বাস্তবতার প্রতিচ্ছবি

ব্রিক লেন পুনর্গঠনের অনুমোদন, ক্ষোভে টাওয়ার হ্যামলেটসের বাংলাদেশি কমিউনিটি

ব্রিক লেন পুনর্গঠনের অনুমোদন, ক্ষোভে টাওয়ার হ্যামলেটসের বাংলাদেশি কমিউনিটি

ভয়েস অব পিপল নিউজ, ১ আগস্ট:

পূর্ব লন্ডনের ঐতিহাসিক ব্রিক লেন এলাকায় বিতর্কিত পুনর্উন্নয়ন প্রকল্পে চূড়ান্ত সরকারি অনুমোদন দেওয়া হয়েছে। স্থানীয় কাউন্সিল, বাসিন্দা এবং বিভিন্ন সামাজিক সংগঠনের আপত্তি সত্ত্বেও যুক্তরাজ্য সরকার জানিয়েছে, প্রকল্পটি এলাকার অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থানে ইতিবাচক ভূমিকা রাখবে।

পরিকল্পনা অনুযায়ী, ওল্ড ট্রুম্যান ব্রুয়ারি ঘিরে অফিস ভবন, একটি ডেটা সেন্টার, সিনেমা হল, সুপারমার্কেট, মার্কেট এবং মোট ৪৪টি নতুন বাসস্থান নির্মাণ করা হবে। তবে এর মধ্যে মাত্র ছয়টি হবে সামাজিক ভাড়ার (সোশ্যাল রেন্ট) জন্য, যা নিয়ে শুরু থেকেই সমালোচনা চলছে।

স্থানীয় বাসিন্দা ও আন্দোলনকারীদের অভিযোগ, প্রকল্পটি বাস্তবায়িত হলে ব্রিক লেনের ঐতিহ্যবাহী চরিত্র নষ্ট হবে। বাড়তি বাণিজ্যিক উন্নয়নের ফলে ভাড়া বৃদ্ধি পাবে এবং দীর্ঘদিন ধরে বসবাসকারী অনেক পরিবার ও বিখ্যাত কারি রেস্টুরেন্টগুলো টিকে থাকা কঠিন হয়ে পড়বে।

সরকারের সিদ্ধান্তে স্বীকার করা হয়েছে যে স্পিটালফিল্ডস ও বাংলাটাউন এলাকায় উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি বসবাস ও ব্যবসা করেন। তাদের উদ্বেগ বিবেচনায় নেওয়া হলেও, বিকল্প কোনো আবাসননির্ভর প্রকল্প বাস্তবসম্মত—এমন পর্যাপ্ত প্রমাণ পাওয়া যায়নি বলে সরকারের অবস্থান।

অন্যদিকে টাওয়ার হ্যামলেটসের মেয়র লুৎফুর রহমান এই সিদ্ধান্তকে "হারানো সুযোগ" বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, বরোজুড়ে ৩০ হাজারের বেশি পরিবার সামাজিক আবাসনের অপেক্ষমাণ তালিকায় রয়েছে। এমন পরিস্থিতিতে এত বড় প্রকল্পে মাত্র ছয়টি সামাজিক ভাড়ার বাসা নির্মাণ স্থানীয় সংকট মোকাবিলার জন্য একেবারেই অপর্যাপ্ত।

প্রকল্পের অংশ হিসেবে নির্মিতব্য ডেটা সেন্টারটি সিটি অব লন্ডনের আর্থিক প্রতিষ্ঠানের জন্য দ্রুতগতির ডিজিটাল সংযোগ নিশ্চিত করবে বলে সরকারের দাবি। তবে সমালোচকদের মতে, এটি এলাকার ঐতিহাসিক ও সাংস্কৃতিক পরিবেশে তেমন কোনো ইতিবাচক অবদান রাখবে না।

ব্রিক লেন দীর্ঘদিন ধরেই ব্রিটিশ-বাংলাদেশি সংস্কৃতি, ব্যবসা এবং পর্যটনের অন্যতম প্রতীক হিসেবে পরিচিত। তাই সরকারি অনুমোদনের পরও প্রকল্পটি ঘিরে বিতর্ক ও জনমত যে এখনই থামছে না, তা স্পষ্ট হয়ে উঠেছে।

ভয়েস অব পিপল মন্তব্য

ব্রিক লেন শুধু একটি উন্নয়ন প্রকল্পের জায়গা নয়, এটি লন্ডনের বহুসাংস্কৃতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই এলাকার সঙ্গে ব্রিটিশ-বাংলাদেশি মানুষের কয়েক দশকের শ্রম, সংগ্রাম ও অবদানের স্মৃতি জড়িয়ে আছে। উন্নয়ন হোক, কিন্তু সেই উন্নয়নের নামে যেন ইতিহাস ও ঐতিহ্য হারিয়ে না যায়। ব্রিটিশ ঐতিহ্য সংরক্ষণের যে দীর্ঘ সংস্কৃতি রয়েছে, ব্রিক লেনের ক্ষেত্রেও সরকারকে সেই ভারসাম্য বজায় রাখতে হবে। নতুন ভবনের পাশাপাশি এই এলাকার সাংস্কৃতিক পরিচয়ও যেন ভবিষ্যৎ প্রজন্মের জন্য অক্ষত থাকে—এটাই প্রত্যাশা।