আর্জেন্টিনার দূতাবাস আজ উদ্বোধন হচ্ছে

আর্জেন্টিনার দূতাবাস আজ উদ্বোধন হচ্ছে

বাংলাদেশে আর্জেন্টিনার দূতাবাস খোলা হবে আজ। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, সোমবার বিকেলে রাজধানীর বনানীতে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমকে সঙ্গে নিয়ে এ দূতাবাস উদ্বোধন করবেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো। বিকেল ৪টায় আর্জেন্টিনার দূতাবাস উদ্বোধন হওয়ার কথা রয়েছে।

দুদিনের সফরে ঢাকায় পৌঁছেছেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো। সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন তাকে স্বাগত জানান। 

সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী। বৈঠক শেষে একটি নৈশভোজে অংশ নেবেন তিনি।

সান্তিয়াগো ক্যাফিয়েরোর সফরে ঢাকায় আর্জেন্টিনার দূতাবাস পুনরায় খোলার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। এছাড়া বাণিজ্য ও বিনিয়োগ ইস্যু নিয়ে হবে আলোচনা।

ঢাকা সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সঙ্গে সাক্ষাৎ করবেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী।