সারাদেশে দুবার ভূমিকম্পের পর ৪৮ ঘণ্টার মধ্যে আফটার শকের সম্ভাবনা

সারাদেশে দুবার ভূমিকম্পের পর ৪৮ ঘণ্টার মধ্যে আফটার শকের সম্ভাবনা

সিলেট প্রতিনিধি, ৫ জানুয়ারি : সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভোররাতে পরপর দুবার ভূমিকম্প অনুভূত হওয়ার পর আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আফটার শক হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন ভূমিকম্প বিশেষজ্ঞরা। সোমবার (৫ জানুয়ারি) ভোরে এই ভূমিকম্পগুলো অনুভূত হয়।
তথ্য অনুযায়ী, ভোর ৪টা ৪৭ মিনিট ৩৯ সেকেন্ডে প্রথম ভূমিকম্পটি অনুভূত হয়। এর মাত্র ৩০ সেকেন্ড পর, ভোর ৪টা ৪৭ মিনিট ৫২ সেকেন্ডে দ্বিতীয় ভূমিকম্পটি সংঘটিত হয়। প্রথম ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ২ এবং দ্বিতীয়টির মাত্রা ছিল ৫ দশমিক ৪।

কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ জানান, দুটি ভূমিকম্পই ভারতের আসাম রাজ্যের রাজধানী গোয়াহাটির পার্শ্ববর্তী মরিগাঁও এলাকায় উৎপত্তি লাভ করে। আমেরিকান ভূতাত্ত্বিক অধিদপ্তর (ইউএসজিএস) থেকে পাওয়া তথ্য অনুযায়ী, উভয় ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩৫ কিলোমিটার গভীরে।

তিনি বলেন, ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প একটি মধ্যম মানের ভূমিকম্প হিসেবে বিবেচিত হয়। এ ধরনের ভূমিকম্পের পর সাধারণত আফটার শকের আশঙ্কা থাকে। সে কারণে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বাংলাদেশের অভ্যন্তরে অথবা বাংলাদেশের উত্তর ও পূর্বাঞ্চলের যেকোনো সক্রিয় ফল্ট লাইনে আফটার শক অনুভূত হতে পারে।

ভৌগোলিক অবস্থানের কারণে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের পাশাপাশি বাংলাদেশের সিলেট, ময়মনসিংহ বিভাগ এবং রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকায় ভূমিকম্পের কম্পন অনুভূত হয়। তবে এখন পর্যন্ত দেশের কোথাও বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, ভূমিকম্পের পর পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সতর্ক রাখা হয়েছে।