সংহতি সাহিত্য পরিষদের কবিতা উৎসব ২০২৬ অনুষ্ঠিত হবে ২৬ জুলাই

সংহতি সাহিত্য পরিষদের কবিতা উৎসব ২০২৬ অনুষ্ঠিত হবে ২৬ জুলাই

কমিউনিটি ডেস্ক, ৯ মার্চ: 

পূর্ব লন্ডনে সংহতি সাহিত্য পরিষদের কার্যনির্বাহী কমিটির এক গুরুত্বপূর্ণ সভায় আগামী জুলাইয়ে দিনব্যাপী কবিতা উৎসব আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংগঠনের অস্থায়ী কার্যালয় হিসেবে ব্যবহৃত ‘মাহি এন্ড কোং’ অফিসে সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত সভায় কবিতা উৎসব ২০২৬ এবং সংগঠনের সার্বিক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবু তাহের। আলোচনার পর সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়, আগামী ২৬ জুলাই ২০২৬ পূর্ব লন্ডনের Brady Arts Centre-এ সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত দিনব্যাপী কবিতা উৎসব অনুষ্ঠিত হবে।

সভায় জানানো হয়, এবারের উৎসবের অন্যতম আকর্ষণ হিসেবে বাংলাদেশের বিভিন্ন জেলার আঞ্চলিক ভাষায় লেখা কবিতা নিয়ে একটি বিশেষ সংকলন প্রকাশ করা হবে। এ উদ্দেশ্যে শিগগিরই কবিতা আহ্বান ও সংগ্রহ কার্যক্রম শুরু করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন ফারুক আহমদ রনি, মো. আব্দুল মুনিম জাহেদী ক্যারল, হেলাল উদ্দিন, মো. ইকবালুল হক, মোহাম্মদ ইকবাল, শাহেদ চৌধুরী, নজরুল আলম আনাই, এনামুল হক, মিতা তাহের, নাজমিন হক, সামসুল হক এহিয়া, আনোরুল ইসলাম অভি, গৌরব রায়, আবিদা সুলতানা লাকী, ফরিদা ইয়াসমিন এবং এম মোসাইদ খানসহ সংগঠনের অন্যান্য সদস্য।

এ সময় সংগঠনের সাম্প্রতিক ইফতার আয়োজন সফলভাবে সম্পন্ন হওয়ায় নারী সদস্যদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানানো হয়। তাদের নিষ্ঠা, আন্তরিকতা ও পরিশ্রমের ফলে আয়োজনটি পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির এক উজ্জ্বল উদাহরণ হয়ে উঠেছে বলে সভায় উল্লেখ করা হয়।

সভা শেষে সভাপতি উপস্থিত সকল সদস্যকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন। উপস্থিত সদস্যরা আশা প্রকাশ করেন, গৃহীত উদ্যোগগুলো আগামী কবিতা উৎসবকে আরও বর্ণাঢ্য ও তাৎপর্যময় করে তুলবে।