টাওয়ার হ্যামলেটসের ভোট গণনা এক্সেল সেন্টারে শুরু হচ্ছে
টাওয়ার হ্যামলেটসে মেয়র নির্বাচনের ফলাফল আজ বিকেলে: কাউন্সিলারের ফলাফল কাল
ভয়েস অব পিপল নিউজ, ৮ মে:
লন্ডনের পূর্বাঞ্চলীয় বরো টাওয়ার হ্যামলেটসে আজ শুরু হচ্ছে বহুল প্রতীক্ষিত মেয়র নির্বাচনের ভোট গণনা। পুরো রাজনৈতিক নজর এখন এক্সেল সেন্টারের দিকে, যেখানে ধাপে ধাপে প্রকাশ পাবে এবারের চূড়ান্ত ফল।
আজ শুক্রবার সকাল থেকেই শুরু হয়েছে ব্যালট পেপার যাচাই কার্যক্রম। দুপুরের পর আনুষ্ঠানিক গণনা শুরু হয়েছে এবং বিকেল ৫টা থেকে ৬টার মধ্যে ফলাফল ঘোষণা করা হতে পারে বলে জানানো হয়েছে। পুরো প্রক্রিয়াটি অনুষ্ঠিত হচ্ছে ExCeL London-এ।
এবারের নির্বাচনে সবচেয়ে বড় পরিবর্তন এসেছে গণনা পদ্ধতিতে। আগে যে প্রথম ও দ্বিতীয় পছন্দভিত্তিক ভোট গণনা পদ্ধতি ছিল, সেটি এবার আর থাকছে না। এবার শুধুমাত্র প্রথম পছন্দের ভোট গণনা হবে। অর্থাৎ সর্বাধিক ভোট পাওয়া প্রার্থীই সরাসরি বিজয়ী হবেন।
আগামীকাল শনিবার অনুষ্ঠিত হবে ২০টি ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচনের ভোট গণনা। প্রায় ৩০০ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করায় পুরো গণনা প্রক্রিয়া দীর্ঘ সময় নিতে পারে বলে ধারণা করা হচ্ছে। একেকটি ওয়ার্ডের ফলাফল পর্যায়ক্রমে ঘোষণা করা হবে।
এবারের মেয়র নির্বাচনে মোট ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে চারজন ব্রিটিশ-বাংলাদেশি প্রার্থী রয়েছেন। বর্তমান নির্বাহী মেয়র লুৎফুর রহমান অ্যাসপায়ার পার্টি থেকে আবারও প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার প্রধান প্রতিদ্বন্দ্বীদের মধ্যে রয়েছেন লেবার পার্টির সিরাজুল ইসলাম, টাওয়ার হ্যামলেটস ইন্ডিপেন্ডেন্ট পার্টির জামি আলী এবং লিবারেল ডেমোক্র্যাটসের মো: আব্দুল হান্নান।
অন্যান্য প্রার্থীদের মধ্যে রয়েছেন কনজারভেটিভ পার্টির ডোমিনিক নোলান, গ্রিন পার্টির হিরা খান, রিফর্ম ইউকের জন বোলার্ড, ট্রেড ইউনিয়নিস্ট অ্যান্ড সোশ্যালিস্ট কোয়ালিশনের হুগো পেরি এবং স্বতন্ত্র প্রার্থী ট্রেসি ম্যাগগ্রেইন।
নির্বাচন ঘিরে বিভিন্ন পর্যবেক্ষণ ও জরিপে ইঙ্গিত মিলছে যে বর্তমান মেয়র লুৎফুর রহমান ফের জয়ী হতে পারেন। যদি তিনি জয়ী হন, তবে এটি হবে টাওয়ার হ্যামলেটসের ইতিহাসে তার চতুর্থ মেয়র পদ।
২০১০ সালে সরাসরি নির্বাহী মেয়র পদ্ধতি চালু হওয়ার পর প্রথমবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হন লুৎফুর রহমান। এরপর ২০১৪ ও ২০২২ সালেও তিনি জয় পান। এবারও তিনি জয়ী হলে তা হবে টানা চতুর্থবারের মতো তার মেয়র পদে প্রত্যাবর্তন।