লন্ডন সংবাদ

দক্ষিণ-পূর্ব লন্ডনের ব্রোমলিতে প্রকাশ্যে ছুরিকাঘাত, হাসপাতালে ৪ জন; গ্রেপ্তার ৭

দক্ষিণ-পূর্ব লন্ডনের ব্রোমলিতে প্রকাশ্যে ছুরিকাঘাত, হাসপাতালে ৪ জন; গ্রেপ্তার ৭

ভয়েস অব পিপল রিপোর্ট, ১০ সেপ্টেম্বর :

দক্ষিণ-পূর্ব লন্ডনের ব্যস্ত ব্রোমলি হাই স্ট্রিটে ছুরিকাঘাতের ঘটনায় চারজন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করেছে লন্ডনের মেট্রোপলিটন পুলিশ।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর সোয়া ২টার দিকে ব্রোমলি হাই স্ট্রিটে কয়েকজনের মধ্যে একটি ‘altercation’ বা বিবাদ শুরু হয়েছে—এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে চারজন পুরুষকে ছুরিকাঘাতে আহত অবস্থায় পাওয়া যায়।

পুলিশ জানিয়েছে, আহত তিনজনের অবস্থা গুরুতর নয় এবং তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন। অপর একজন গুরুতর আহত হয়ে সংকটজনক অবস্থায় রয়েছেন। সাতজন পুরুষকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাঁরা পুলিশের হেফাজতেই রয়েছেন। তদন্ত চলছে।

ঘটনার পর ব্রোমলি হাই স্ট্রিট এর একটি অংশ ঘিরে ফেলে পুলিশ। ফরেনসিক কর্মকর্তারা ঘটনাস্থলে আলামত সংগ্রহ করেন। ব্রিটিশ সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, তদন্তের অংশ হিসেবে High Street-এর একটি KFC রেস্তোরাঁর ভেতর ও আশপাশেও ফরেনসিক পরীক্ষা চালানো হয়।

স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় মুহূর্তের মধ্যেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ার কথা উঠে এসেছে। আশপাশের কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানের কর্মীরা নিরাপত্তার জন্য দরজা বন্ধ করে দেন বলে সংবাদমাধ্যম জানিয়েছে। তবে এসব প্রত্যক্ষদর্শীর বর্ণনায় ব্যবহৃত অস্ত্র বা হামলার উদ্দেশ্য সম্পর্কে পুলিশের পক্ষ থেকে এখনো কোনো নিশ্চিত তথ্য দেওয়া হয়নি।

লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, খবর পাওয়ার পর একাধিক অ্যাম্বুলেন্স, দ্রুতগতির চিকিৎসা-গাড়ি, বিশেষজ্ঞ প্যারামেডিক এবং লন্ডন এয়ার এম্বুলেন্স ঘটনাস্থলে পাঠানো হয়। চারজনকেই ঘটনাস্থলে চিকিৎসা দেওয়ার পর হাসপাতালে নেওয়া হয়।

ঘটনার কারণে ব্রোমলি হাই স্ট্রিট এর যান চলাচলও ব্যাহত হয় এবং কয়েকটি বাসের রুট পরিবর্তন করা হয়। সন্ধ্যা পর্যন্ত পুলিশের কর্ডন ও তদন্ত কার্যক্রম চলতে দেখা যায়।

Bromley and Biggin Hill-এর এমপি Peter Fortune বলেন, ঘটনাটি নিয়ে স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হওয়াটা স্বাভাবিক এবং তিনি তদন্তের বিষয়ে পুলিশের সঙ্গে যোগাযোগ রাখছেন। ব্রোমলি কাউন্সিলও ঘটনাটিকে অত্যন্ত উদ্বেগজনক বলে জানিয়েছে।

মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, এ ঘটনাকে ঘিরে সাধারণ মানুষের জন্য কোনো বৃহত্তর বা চলমান হুমকি রয়েছে বলে তারা মনে করছে না। তবে হামলার কারণ, জড়িত ব্যক্তিদের সম্পর্ক এবং ঘটনার পূর্ণাঙ্গ পরিস্থিতি জানতে তদন্ত অব্যাহত রয়েছে। তথ্য থাকা ব্যক্তিদের পুলিশকে জানাতে অনুরোধ করা হয়েছে।