লন্ডন সংবাদ

প্যাডিংটনে আগুন, হিথরো রেল যোগাযোগে ভয়াবহ বিপর্যয়

প্যাডিংটনে আগুন, হিথরো রেল যোগাযোগে ভয়াবহ বিপর্যয়

ভয়েস অব পিপল রিপোর্ট, ৬ সেপ্টেম্বর:

লন্ডনের প্যাডিংটন এলাকায় রেললাইনের কাছে ভয়াবহ আগুনের ঘটনায় বিদ্যুৎ সরবরাহে বিপর্যয় দেখা দিয়েছে। এতে হিথরো বিমানবন্দরমুখী ট্রেনসহ একাধিক রুটে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হয়েছে। শনিবার বিকেল থেকে কার্যত অচল হয়ে পড়ে প্যাডিংটন-হিথরো রেল যোগাযোগ।

শনিবার স্থানীয় সময় বিকেল ৪টার কিছু পর নর্থ কেনসিংটনের স্ক্রাবস লেনের কাছে রেললাইনের পাশের ঘাসে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে লন্ডন ফায়ার ব্রিগেড ছয়টি ফায়ার ইঞ্জিন ও প্রায় ৪০ জন কর্মী নিয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

আগুনের কারণে রেলপথের বিদ্যুৎ সরবরাহে সমস্যা দেখা দেয়। ফলে প্যাডিংটন থেকে হিথরো বিমানবন্দর পর্যন্ত সব রেললাইন বন্ধ হয়ে যায়। একই সঙ্গে প্যাডিংটন থেকে রিডিংমুখী ট্রেন চলাচলেও বড় ধরনের বিঘ্ন ঘটে।

সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন বিমানযাত্রীরা। আগুনের কারণে একটি এলিজাবেথ লাইন ট্রেনে প্রায় ৩৮০ যাত্রী আটকা পড়েন। পরে ফায়ার ব্রিগেডের সহায়তায় তাঁদের ট্রেন থেকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়।

এ ঘটনায় এলিজাবেথ লাইন প্যাডিংটন থেকে হিথরোর টার্মিনাল ৪ ও ৫ পর্যন্ত সাময়িকভাবে বন্ধ রাখা হয়। একইভাবে প্যাডিংটন-রিডিং রুটেও ট্রেন চলাচল স্থগিত থাকে। অ্যাবে উডমুখী এলিজাবেথ লাইনেও দেখা দেয় তীব্র বিলম্ব।

হিথরো যাওয়ার জন্য যাত্রীদের পিকাডিলি লাইন ব্যবহারের পরামর্শ দেওয়া হয়। তবে বিকল্প এই রুটেও হিথরো ও অ্যাক্টন টাউনের মধ্যে গুরুতর বিলম্ব দেখা দেয়। হ্যামারস্মিথ এলাকায় এর আগে এক ব্যক্তির রেললাইনে অনধিকার প্রবেশের ঘটনায় পিকাডিলি লাইনের অন্যান্য অংশেও কিছুটা বিলম্ব চলছিল।

এদিকে গ্রেট ওয়েস্টার্ন রেলওয়ে (GWR) প্যাডিংটন থেকে রিডিংগামী বেশ কয়েকটি ট্রেন বাতিল করেছে। শনিবার রাত পর্যন্ত এই বিঘ্ন অব্যাহত থাকার আশঙ্কা করা হয়।

হিথরো বিমানবন্দর কর্তৃপক্ষও যাত্রীদের সতর্ক করে দিয়ে স্বাভাবিকের চেয়ে বেশি সময় হাতে নিয়ে বিমানবন্দরের উদ্দেশে রওনা হওয়ার পরামর্শ দিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে প্যাডিংটন এলাকার আকাশে আগুনের পর ঘন ধোঁয়ার বিশাল কুণ্ডলী দেখা যায়। আগুনের কারণে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ব্যস্ত শনিবারে লন্ডনের অন্যতম গুরুত্বপূর্ণ রেল হাব এবং হিথরো বিমানবন্দরকে ঘিরে সৃষ্ট এই বিপর্যয়ে হাজারো যাত্রী চরম ভোগান্তিতে পড়েন।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, বিদ্যুৎ সরবরাহ পুনর্বহাল ও নিরাপত্তা যাচাইয়ের পর ধাপে ধাপে ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।