ভয়েস অব পিপল ।। জনগণের কণ্ঠস্বর, বাস্তবতার প্রতিচ্ছবি
প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের প্রতিষ্ঠানের ১ কোটি ২১ লাখ টাকা ছিনতাই
বাংলাদেশ প্রতিনিধি, ১১ আগস্ট:
রাজধানীর উত্তরায় ব্যাংকে জমা দিতে যাওয়ার পথে প্রধানমন্ত্রীর খালাতো ভাই তাসীন আক্তার হক ডেলের ব্যবসা প্রতিষ্ঠানের ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
রোববার সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে উত্তরা র্যাব-১ ব্যাটালিয়নের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পেট্রোল পাম্পের ম্যানেজার করিম বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা করেছেন।
ছিনতাই হওয়া অর্থ ডিএল পেট্রোল পাম্পের। তাসীন আক্তার হক ডেল প্রতিষ্ঠানটির মালিকানার সঙ্গে যুক্ত। তিনি প্রয়াত সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য খুরশীদ জাহান হকের ছেলে। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তার খালাতো ভাইয়ের সম্পর্ক রয়েছে।
মামলার তথ্য ও সংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী, ডিএল পেট্রোল পাম্পে প্রতিদিন প্রায় ৪৫ থেকে ৫০ লাখ টাকার লেনদেন হয়। নিয়ম অনুযায়ী প্রতিদিন সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে বিক্রির টাকা ব্যাংকে জমা দেওয়া হয়।
শুক্র ও শনিবার ব্যাংক বন্ধ থাকায় ওই দুই দিনের টাকা রোববার একসঙ্গে ব্যাংকে নেওয়া হয়। ফলে সেদিন স্বাভাবিক সময়ের তুলনায় অনেক বেশি অর্থ বহন করা হচ্ছিল।
টাকা নিয়ে ব্যাংকের উদ্দেশে যাওয়ার সময় তিনটি মোটরসাইকেলে আসা কয়েকজন ব্যক্তি গাড়িটির গতিরোধ করে বলে অভিযোগ করা হয়েছে। প্রথমে গাড়িতে ধাক্কা দিয়ে সেটি থামানো হয়। পরে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে মোটরসাইকেলে করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
ছিনতাইয়ের ঘটনাটি পূর্বপরিকল্পিত কি না, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দীর্ঘদিন ধরে একই সময়ে টাকা ব্যাংকে নেওয়ার বিষয়টি ছিনতাইকারীরা আগে থেকেই জানত কি না, তদন্তে সেটিও গুরুত্ব পাচ্ছে।
বিশেষ করে রোববার দুই দিনের টাকা একসঙ্গে ব্যাংকে নেওয়া হবে—এ তথ্য দুর্বৃত্তদের কাছে কীভাবে পৌঁছাল, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।
এখন পর্যন্ত ছিনতাইয়ে জড়িত কাউকে শনাক্ত করা যায়নি। ব্যবহৃত মোটরসাইকেলগুলোর নম্বরও নিশ্চিত হওয়া যায়নি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার বলেন, মামলা হওয়ার পর পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে। আশা করা হচ্ছে, এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।