টাওয়ার হ্যামলেটসে শুরু বাংলাদেশ হেরিটেজ উইকএন্ড অ্যান্ড ট্রেড ফেয়ার ২০২৫

টাওয়ার হ্যামলেটসে শুরু বাংলাদেশ হেরিটেজ উইকএন্ড অ্যান্ড ট্রেড ফেয়ার ২০২৫

কমিউনিটি ডেস্ক, ১৪ ডিসেম্বর:  টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের টাউন হলে শুরু হয়েছে বাংলাদেশ হেরিটেজ উইকএন্ড অ্যান্ড ট্রেড ফেয়ার ২০২৫। প্রবাসী কমিউনিটিকে কেন্দ্রবিন্দুতে রেখে সংস্কৃতি, ঐতিহ্য ও অর্থনৈতিক সহযোগিতার এক ব্যতিক্রমধর্মী উদ্যোগ হিসেবে এই আয়োজনকে দেখা হচ্ছে।

শনিবার দুপুরে যৌথভাবে কর্মসূচির উদ্বোধন করেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলাম এবং টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র লুৎফুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যারোনেস পোলা মঞ্জিলা উদ্দিন, বাংলাদেশ হাইকমিশন লন্ডনের ঊর্ধ্বতন কর্মকর্তারা, ইউকে বিবিসিসিআই প্রেসিডেন্ট রফিক হায়দার, ডিরেক্টর রহিমা মিয়া, বিভিন্ন ব্যবসায়ী ও কমিউনিটি সংগঠনের নেতৃবৃন্দ এবং টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের কেবিনেট সদস্যরা। তাঁদের মধ্যে ছিলেন কালচার অ্যান্ড রিক্রিয়েশনের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর কামরুল হোসেন, কাস্টমার সার্ভিসেস অ্যান্ড ইকুয়ালিটিজ বিষয়ক কাউন্সিলর বদরুল চৌধুরী এবং হেলথ অ্যান্ড ওয়েলবিয়িংয়ের কেবিনেট মেম্বার কাউন্সিলর সাবিনা আখতার।

বাংলাদেশ হাইকমিশন, লন্ডনের সার্বিক ব্যবস্থাপনায় এবং টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সহযোগিতায় আয়োজিত এই হেরিটেজ উইকএন্ড ও বাণিজ্য মেলার মূল লক্ষ্য হলো বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ (এসএমই) এবং যুক্তরাজ্যের—বিশেষত টাওয়ার হ্যামলেটসের—ব্যবসায়ী ও বাসিন্দাদের মধ্যে কার্যকর সেতুবন্ধন তৈরি করা। পাশাপাশি প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মধ্যে বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে জানাশোনা আরও গভীর করাও এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

মেলার কর্মসূচির মধ্যে রয়েছে বাণিজ্য মেলা, ‘ঢাকা টু ব্রিক লেন’ শীর্ষক চিত্রকলা প্রদর্শনী, ‘বাংলাদেশ ইন মাই আইজ’ ফটোগ্রাফি প্রদর্শনী, লিটারেচার মিট এবং স্ট্রিট ফুড ফেস্টিভ্যাল। বাণিজ্য মেলায় বাংলাদেশ থেকে আগত ১৩ জন এবং স্থানীয় ১৫ জন নারী উদ্যোক্তাসহ বিভিন্ন প্রতিনিধিত্বশীল সংগঠনের স্টল স্থান পেয়েছে।

উদ্বোধনী বক্তব্যে হাইকমিশনার আবিদা ইসলাম বলেন, “বাংলাদেশের গতিশীল অর্থনীতির প্রতিচ্ছবি হলো আমাদের উদ্যমী এসএমই খাত। আজকের এই ট্রেড ফেয়ার কূটনৈতিক সম্পর্কের গণ্ডি পেরিয়ে সরাসরি ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ মঞ্চ। এটি আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির পাশাপাশি বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনারও প্রদর্শনী। প্রবাসীরা আমাদের প্রধান সম্পদ ও সেরা দূত।”

টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুৎফুর রহমান তাঁর বক্তব্যে বলেন, “টাওয়ার হ্যামলেটসে বাংলাদেশি কমিউনিটির হৃৎস্পন্দন আজও সবচেয়ে শক্তিশালী। আমাদের জনগোষ্ঠীর কৃতিত্বপূর্ণ অবদান আমাদের গর্বিত করে। এই হেরিটেজ উইকএন্ড কেবল অতীত স্মরণ নয়, বর্তমানের জীবন্ত সংস্কৃতি ও ভবিষ্যতের অর্থনৈতিক সম্ভাবনারও উদযাপন। এটি বাংলাটাউন ও বাংলাদেশের মধ্যকার সাংস্কৃতিক ও অর্থনৈতিক সেতু।”

উদ্বোধনী দিনের বিশেষ আকর্ষণ ছিল বিকাল ২টা থেকে ৩টা পর্যন্ত অনুষ্ঠিত ‘নো বাংলাদেশ/বাংলাদেশ কোয়েস্ট’ শীর্ষক ব্রিটিশ বাংলাদেশি শিশু-কিশোরদের কুইজ প্রতিযোগিতা। প্রাইমারি ও সেকেন্ডারি স্কুল গ্রুপের জন্য উন্মুক্ত এই প্রতিযোগিতার সমন্বয় করেন এফএস (পল) সুবর্ণা সাহমিম। অংশগ্রহণকারী প্রতিযোগীদের সনদ প্রদান করা হয়।

এছাড়া বিকাল ৩টা থেকে ৬টা পর্যন্ত বাংলা ক্যালিগ্রাফি ও রিকশা আর্ট ডেমোনস্ট্রেশনের হাতে-কলমে কর্মশালা এবং একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়, যা দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও অংশগ্রহণ সৃষ্টি করে।