সাংবাদিক আনিস আলমগীরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে ডিবি

সাংবাদিক আনিস আলমগীরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে ডিবি

ঢাকা, ১৪ ডিসেম্বর:  সাংবাদিক আনিস আলমগীরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ধানমণ্ডি এলাকার একটি ব্যায়াগার থেকে ডিবির একটি দল তাকে আটক করে মিন্টো রোডে অবস্থিত গোয়েন্দা কার্যালয়ে নিয়ে যায়।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ শফিকুল ইসলাম বিবিসি বাংলাকে বলেন, “কিছু বিষয়ে কথা বলার জন্য আমরা তাকে নিয়ে এসেছি। এই বিষয়ে পরবর্তীতে জনসংযোগ শাখা থেকে আপনাদের বিস্তারিত জানানো হবে।”

আনিস আলমগীরের বিরুদ্ধে কোনো নির্দিষ্ট অভিযোগ রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “কিছু বিষয় তো আছেই। আমরা তার সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেব। কোনো সিদ্ধান্ত হলে পরে জানানো হবে।”

সাংবাদিক আনিস আলমগীর আজকের পত্রিকাসহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন। ইরাক যুদ্ধের সময় তিনি বাগদাদ থেকে সরাসরি প্রতিবেদন করেন, যা দেশ-বিদেশে আলোচিত হয়।

সম্প্রতি বিভিন্ন টকশো ও লেখায় সরকারের নানা সিদ্ধান্ত ও কর্মকাণ্ডের সমালোচনা করে বক্তব্য দিতে দেখা গেছে তাকে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত তার আটকের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মামলা বা অভিযোগের কথা জানানো হয়নি।