ভোটে যুক্তরাজ্যের সেরা দশ সবুজ স্থানের একটি টাওয়ার হ্যামলেটসের ভিক্টোরিয়া পার্ক

ভোটে যুক্তরাজ্যের সেরা দশ সবুজ স্থানের একটি টাওয়ার হ্যামলেটসের ভিক্টোরিয়া পার্ক

কমিউনিটি ডেস্ক, ১৪ ডিসেম্বর:   জনগণের ভোটে টাওয়ার হ্যামলেটসের ভিক্টোরিয়া পার্ক যুক্তরাজ্যের সেরা দশটি সবুজ উন্মুক্ত স্থানের একটি হিসেবে নির্বাচিত হয়েছে। টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের মালিকানাধীন ও পরিচালিত এই ঐতিহ্যবাহী উদ্যান—জনপ্রিয়ভাবে পরিচিত ‘ভিকি পার্ক’—কিপ ব্রিটেন টাইডি গ্রিন ফ্ল্যাগ অ্যাওয়ার্ড টিমের “পিপলস চয়েস” স্বীকৃতি অর্জন করেছে।

সারা দেশের মানুষের ভোটে নির্ধারিত এই ফলাফলের মাধ্যমে ভিক্টোরিয়া পার্ক টানা ১৩তম বছরের মতো পিপলস চয়েস খেতাব ধরে রাখল। একই সঙ্গে চলতি বছরে শীর্ষ দশে স্থান পাওয়া একমাত্র লন্ডনের পার্কও এটি। এর আগে পার্কটি মর্যাদাপূর্ণ গ্রিন ফ্ল্যাগ অ্যাওয়ার্ড অর্জন করে, যা উচ্চমানের ও সুষ্ঠুভাবে পরিচালিত সবুজ স্থানকে স্বীকৃতি দেয়।

ধারাবাহিক উন্নয়ন, সৌন্দর্য সংরক্ষণ এবং ঐতিহ্য রক্ষায় নিবেদিত টিমের পরিশ্রমই ভিক্টোরিয়া পার্কের এই সাফল্যের মূল ভিত্তি। সাম্প্রতিক উন্নয়নের মধ্যে রয়েছে ওল্ড ইংলিশ গার্ডেনের পুনর্নির্মাণ, ঐতিহাসিক বার্ডেট কাউটস মেমোরিয়াল ফাউন্টেন, চায়নিজ প্যাগোডা ও লন্ডন ব্রিজের মূল অ্যালকোভের মতো নিদর্শন সংরক্ষণ। তিনটি লেক, বন্যপ্রাণীর আবাস এবং শান্ত প্রাকৃতিক পরিবেশ পার্কটির আকর্ষণ আরও বাড়িয়েছে।

সংস্কৃতি ও বিনোদনের ক্যাবিনেট সদস্য কাউন্সিলর কামরুল হুসেইন বলেন, ভিক্টোরিয়া পার্ক প্রতিবছর নয় মিলিয়নের বেশি মানুষকে আকর্ষণ করে এবং কমিউনিটি ইভেন্ট, সঙ্গীত ও খেলাধুলার মাধ্যমে সবার জন্য স্বস্তি ও বিনোদনের স্থান হিসেবে কাজ করে। তিনি এ অর্জনের পেছনে স্টাফ ও স্বেচ্ছাসেবকদের নিষ্ঠার প্রশংসা করেন এবং ভোটদাতাদের ধন্যবাদ জানান।

এ বছর গ্রিন ফ্ল্যাগ অ্যাওয়ার্ডে রেকর্ড ২,২৫০টি পার্ক ও সবুজ উন্মুক্ত স্থান স্বীকৃতি পেয়েছে। গ্রিন ফ্ল্যাগ অ্যাওয়ার্ডের ম্যানেজার পল টড এমবিই বলেন, পিপলস চয়েস অ্যাওয়ার্ড দেশের সেরা পার্কগুলোকে গড়ে তোলার পেছনে থাকা কর্মী ও স্বেচ্ছাসেবকদের প্রতি জনগণের সম্মানের প্রতিফলন।

মানুষ ও পোষা প্রাণীর জন্য নিরাপদ বিশ্রাম ও ব্যায়ামের সুযোগের পাশাপাশি ভিক্টোরিয়া পার্ক বন্যপ্রাণী সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। গ্রিন ফ্ল্যাগ অ্যাওয়ার্ড স্কিমটি পরিচালনা করছে পরিবেশগত দাতব্য সংস্থা কিপ ব্রিটেন টাইডি, সহযোগিতায় কিপ ওয়েলস টাইডি, কিপ স্কটল্যান্ড বিউটিফুল ও কিপ নর্দার্ন আয়ারল্যান্ড বিউটিফুল।