তামাক ছাড়তে টাওয়ার হ্যামলেটসে ‘স্মোক-ফ্রি চ্যালেঞ্জ’—অংশগ্রহণকারীদের জন্য সহায়তা ও পুরস্কারের সুযোগ
ভয়েস অব পিপল প্রতিবেদন :
টাওয়ার হ্যামলেটসের বাসিন্দাদের ধূমপান ও বিভিন্ন ধরনের তামাকজাত পণ্য ব্যবহারের অভ্যাস থেকে বেরিয়ে আসতে সহায়তা দিতে চালু হয়েছে ‘স্মোক-ফ্রি চ্যালেঞ্জ’ কর্মসূচি। রাইজ (RISE)-এর উদ্যোগে পরিচালিত এই কর্মসূচিতে অংশগ্রহণকারীরা পাবেন বিশেষজ্ঞ পরামর্শ, বিনামূল্যে চিকিৎসা সহায়তা এবং ধাপে ধাপে সফলতার জন্য আর্থিক প্রণোদনা।
ধূমপান, সাদা, জর্দা, পানসহ বিভিন্ন তামাকজাত পণ্যের দীর্ঘমেয়াদি ব্যবহার হৃদরোগ, ক্যান্সার, ফুসফুসের সমস্যা এবং নানা জটিল স্বাস্থ্যঝুঁকির কারণ হতে পারে। এই ক্ষতিকর অভ্যাস থেকে মানুষকে বের করে এনে সুস্থ ও ধূমপানমুক্ত জীবন গড়ে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
কর্মসূচির আওতায় অংশগ্রহণকারীরা ৮ থেকে ১২ সপ্তাহের জন্য পাবেন ব্যক্তিগতভাবে তৈরি সহায়তা পরিকল্পনা। পাশাপাশি দেওয়া হবে বিনামূল্যে নিকোটিন রিপ্লেসমেন্ট থেরাপি (NRT) এবং প্রশিক্ষিত পরামর্শদাতাদের নিয়মিত সহযোগিতা।
সফলভাবে ধূমপান বা তামাক ব্যবহার কমিয়ে বন্ধ করার পথে যারা এগিয়ে যাবেন, তারা ধাপে ধাপে অগ্রগতির ভিত্তিতে সর্বোচ্চ ২৫ পাউন্ড পর্যন্ত পুরস্কার পাওয়ার সুযোগ পাবেন।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, শুধু ইচ্ছাশক্তি নয়—সঠিক পরামর্শ, নিয়মিত উৎসাহ এবং প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা তামাক ছাড়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। রাইজের এই কর্মসূচি বাসিন্দাদের সেই প্রয়োজনীয় সহায়তা সহজে পাওয়ার সুযোগ তৈরি করছে।
টাওয়ার হ্যামলেটসের ১৮ বছর বা তার বেশি বয়সী সব বাসিন্দা এই কর্মসূচিতে অংশ নিতে পারবেন। যারা ধূমপান বা তামাকজাত পণ্য ছাড়ার কথা ভাবছেন, তাদের দ্রুত এই সুযোগ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
কর্মসূচিতে অংশ নিতে বা বিস্তারিত জানতে ভিজিট করুন quitrightth.org অথবা ফোন করুন 0800 169 1943 নম্বরে।