হরমুজ প্রণালীর নিরাপত্তায় মিত্রদের উদাসীনতায় ট্রাম্পের চরম ক্ষোভ
বিশ্ব সংবাদ ডেস্ক, ১৬ মার্চ:
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালী নিরাপত্তা নিশ্চিতকরণ কার্যক্রমে মিত্র দেশগুলোর অনীহা প্রকাশের প্রেক্ষিতে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন। সোমবার (১৬ মার্চ) হোয়াইট হাউসে কেনেডি সেন্টারের বোর্ড সদস্যদের সঙ্গে বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “কিছু দেশ সহায়তায় আগ্রহী হলেও অনেকেই উদাসীনতা দেখাচ্ছে। আশ্চর্যজনকভাবে, তাদের মধ্যে রয়েছে দীর্ঘদিনের মিত্র দেশও।”
ট্রাম্প আরও বলেন, যেসব দেশকে যুক্তরাষ্ট্র দীর্ঘ সময় ধরে নিরাপত্তা ও সহায়তা দিয়ে আসছে, তাদের এই অনাগ্রহ প্রত্যাশিত নয়। তিনি মিত্রদের সক্রিয়তা ও উৎসাহকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন।
এদিকে, সোমবার বেশ কয়েকটি মার্কিন মিত্র দেশ জানিয়েছে, হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করার জন্য আপাতত তারা কোনো যুদ্ধজাহাজ পাঠানোর পরিকল্পনা রাখছে না। বিশ্লেষকদের মতে, মিত্রদের এই নির্লিপ্ততা ট্রাম্প প্রশাসনকে রাজনৈতিক ও কৌশলগতভাবে অস্বস্তিতে ফেলেছে।
ট্রাম্প দাবি করেছেন, মার্কিন বাহিনী ইতিমধ্যেই প্রণালিতে অন্তত ৩০টি মাইন স্থাপনকারী জাহাজ ধ্বংস করেছে। তবে বর্তমান পরিস্থিতিতে নতুন কোনো মাইন স্থাপিত হয়েছে কি না, সে বিষয়ে তিনি নিশ্চিত নন। হোয়াশিংটনের মতে, এই অভিযান মূলত নৌপথের মাধ্যমে তেল ও আন্তর্জাতিক বাণিজ্য সচল রাখার জন্য।
মিত্রদের অংশগ্রহণ না থাকা প্রসঙ্গে ট্রাম্প বলেন, “আমরা আর্থিক ও সামরিকভাবে অনেক দেশকে সুরক্ষা দিয়েছি, কিন্তু সংকটের সময় তাদের সক্রিয়তা দেখা যাচ্ছে না।” তার এই মন্তব্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন বিতর্ক সৃষ্টি করেছে, কারণ অনেক দেশ ইরানের সঙ্গে সরাসরি সংঘাতে জড়াতে চাইছে না।