ইইউতে ফিরতে চাইলে ব্রিটেনকে গুনতে হতে পারে ‘৫ বিলিয়ন পাউন্ড’

ইইউতে ফিরতে চাইলে ব্রিটেনকে গুনতে হতে পারে ‘৫ বিলিয়ন পাউন্ড’

লন্ডন, ২০ মে: ব্রেক্সিটের এক দশক পর আবারও ইউরোপীয় ইউনিয়নে ফিরে যাওয়ার আলোচনা ঘিরে ব্রিটিশ রাজনীতিতে নতুন বিতর্ক শুরু হয়েছে। এমন পরিস্থিতিতে ব্রাসেলস ব্রিটেনের ওপর প্রতি বছর অতিরিক্ত প্রায় ৫ বিলিয়ন পাউন্ডের আর্থিক চাপ দিতে পারে বলে সতর্ক করেছেন সাবেক এক ইউরোপীয় কর্মকর্তা।

ব্রিটিশ সংবাদমাধ্যম দি টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী মারগারেট থেচারের সময় ব্রিটেন যে বিশেষ বাজেট রিবেট বা ছাড় পেয়েছিল, ইইউতে পুনরায় যোগ দিলে সেই সুবিধা আর নাও থাকতে পারে। ফলে ব্রিটেনকে আগের তুলনায় অনেক বেশি অর্থ দিতে হতে পারে।

প্রতিবেদনে আরও বলা হয়, প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সম্প্রতি ইউরোপের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক পুনর্গঠনের ইঙ্গিত দেওয়ার পর থেকেই বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। যদিও বর্তমান সরকার সরাসরি ইইউতে পুনরায় যোগদানের কথা বলছে না, তবুও বিরোধী মহল ও ব্রেক্সিটপন্থীরা এটিকে “ধীরে ধীরে ফিরে যাওয়ার রাজনৈতিক প্রস্তুতি” হিসেবে দেখছে।

এদিকে লেবার পার্টির ভেতরেও এ নিয়ে মতবিরোধ তৈরি হয়েছে। সাবেক মন্ত্রী ডেভিড ব্লাংকেট সতর্ক করে বলেছেন, ইইউতে ফেরার আলোচনা লেবারের জন্য “রাজনৈতিক আত্মঘাতী” হতে পারে।

২০১৬ সালের ব্রেক্সিট গণভোটের পর ব্রিটেন আনুষ্ঠানিকভাবে ২০২০ সালে ইইউ ত্যাগ করে। তবে অর্থনীতি, বাণিজ্য, সীমান্তনীতি ও শ্রমবাজার নিয়ে এখনও দেশটিতে বিতর্ক থামেনি। সাম্প্রতিক জরিপগুলোতে দেখা যাচ্ছে, তরুণ ভোটারদের একটি বড় অংশ ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পর্ক চায়।

বিশ্লেষকদের মতে, ব্রিটেন পুনরায় ইইউতে ফিরতে চাইলে শুধু রাজনৈতিক সিদ্ধান্তই নয়, বড় ধরনের অর্থনৈতিক সমঝোতা ও কঠিন শর্তও মোকাবিলা করতে হতে পারে।