নিজে বাঁচতে সন্তান বিক্রি করছে আফগানরা

নিজে বাঁচতে সন্তান বিক্রি করছে  আফগানরা

বিশ্ব সংবাদ ডেস্ক, ২০ মে:  আফগানিস্তানে ভয়াবহ দারিদ্র্য ও খাদ্যসংকট এমন এক মানবিক বিপর্যয়ের জন্ম দিয়েছে, যেখানে অনেক পরিবার নিজেদের বাঁচিয়ে রাখতে সন্তান বিক্রির মতো নির্মম সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছে। কাজের অভাব, লাগামহীন মূল্যস্ফীতি এবং কমে যাওয়া আন্তর্জাতিক সহায়তার কারণে দেশটির হাজার হাজার পরিবার এখন চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে।

দেশটির পশ্চিমাঞ্চলীয় ঘোর প্রদেশে প্রতিদিন ভোরে শত শত মানুষ সামান্য কাজের আশায় শহরের বিভিন্ন মোড়ে জড়ো হন। কিন্তু দিনের শেষে অধিকাংশ মানুষই খালি হাতে ফিরে যান। একদিন কাজ মিললে পরিবারে খাবার জোটে, না মিললে অনাহারে কাটে রাত।

৪৫ বছর বয়সী জুমা খান নামের এক বাসিন্দা জানান, গত ছয় সপ্তাহে তিনি মাত্র তিন দিনের কাজ পেয়েছেন। প্রতিদিনের আয় ছিল ১৫০ থেকে ২০০ আফগানি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২০০ থেকে ৩০০ টাকার সমান। তিনি বলেন, টানা কয়েকদিন সন্তানদের না খেয়ে থাকতে দেখে শেষ পর্যন্ত প্রতিবেশীর কাছে ধার করতে হয়েছে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, আফগানিস্তানের প্রায় ৭৫ শতাংশ মানুষ এখন ন্যূনতম মৌলিক চাহিদা পূরণ করতে পারছেন না। দেশজুড়ে বেকারত্ব, স্বাস্থ্যসেবা সংকট এবং খাদ্যাভাব ভয়াবহ আকার ধারণ করেছে। আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। বর্তমানে প্রায় ৪৭ লাখ মানুষ দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে বিশ্ব সংস্থাটি।

এই সংকটের মধ্যেই হৃদয়বিদারক এক ঘটনা সামনে এসেছে। কাজ না পেয়ে ও ঋণের বোঝায় জর্জরিত আব্দুল রশিদ আজিমী নামের এক ব্যক্তি তার সাত বছর বয়সী যমজ কন্যা রোকিয়া ও রোহিলাকে বিক্রি করে দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, “আমি গরিব, ঋণে ডুবে আছি, অসহায় হয়ে পড়েছি। সন্তানদের বাঁচানোর আর কোনো পথ দেখছি না।”

স্থানীয় আরেক বাসিন্দা রাবানি বলেন, ফোনে জানতে পারি আমার সন্তানরা দুই দিন ধরে না খেয়ে আছে। তখন মনে হয়েছিল আত্মহত্যা করি। পরে ভাবলাম, আমি মরে গেলে পরিবারের অবস্থা আরও খারাপ হবে।

বিশ্লেষকদের মতে, আফগানিস্তানের এই মানবিক বিপর্যয়ের পেছনে শুধু যুদ্ধ-পরবর্তী অর্থনৈতিক ধসই নয়, তালেবান সরকারের নানা নীতিও দায়ী। বিশেষ করে নারীদের ওপর কঠোর বিধিনিষেধ, কর্মসংস্থানের সংকট এবং প্রশাসনিক অদক্ষতার কারণে আন্তর্জাতিক দাতারা মুখ ফিরিয়ে নিচ্ছেন।

২০২১ সালে ক্ষমতা দখলের পর তালেবান সরকার আগের প্রশাসনের ওপর দায় চাপালেও বাস্তবতা হলো—ক্ষুধা, বেকারত্ব আর হতাশা এখন আফগান জনগণের প্রতিদিনের বাস্তব জীবন। আর সেই বাস্তবতায় নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে সন্তান বিক্রির মতো ভয়ঙ্কর সিদ্ধান্তও অনেক পরিবারের কাছে হয়ে উঠছে শেষ উপায়।