শহীদ মিনারে প্রথমবার জামায়াতের শ্রদ্ধা
বাংলাদেশ প্রতিনিধি, ২১ ফেব্রুয়ারি: আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে এই প্রথমবারের মতো পুষ্পস্তবক অর্পণ করল বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বাধীন বিরোধীদলীয় জোট। রাত ১২টা ১ মিনিটের দিকে তারা শহীদ মিনারে পৌঁছে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
১২টা ১০ মিনিটে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন জামায়াত আমির। তার সঙ্গে ছিলেন সংসদে বিরোধীদলের হুইপ নাহিদ ইসলাম, সংসদ সদস্য হাসনাত, এটিএম আজহারসহ জোটের অন্যান্য নেতারা। শ্রদ্ধা নিবেদন শেষে তারা নীরবে দাঁড়িয়ে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন।
জানা গেছে, অতীতে জামায়াতের পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে দলীয়ভাবে ফুল দেওয়ার নজির নেই। এবারই প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে শ্রদ্ধা জানাল দলটি।
এর আগে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী। পরে পর্যায়ক্রমে পুষ্পস্তবক অর্পণ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।
একুশের প্রথম প্রহর থেকেই শহীদ মিনার এলাকায় বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতি দেখা যায়। রাষ্ট্রীয় মর্যাদায় পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।