সিলেটে ভারতীয় উপদূতাবাস ও ভিসা কেন্দ্রে বাড়তি নিরাপত্তা
সিলেট প্রতিনিধি, ২১ ডিসেম্বর: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুর পর দেশজুড়ে বিক্ষোভ ও সহিংসতার আবহে সিলেটে অবস্থিত ভারতীয় উপদূতাবাস ও ভিসা আবেদন কেন্দ্রের নিরাপত্তা জোরদার করেছে মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার।
শুক্রবার সকাল থেকেই সিলেটের ভারতীয় সহকারী হাইকমিশনের কার্যালয়, সহকারী হাইকমিশনারের বাসভবন এবং সুবহানি ঘাটের ভিসা আবেদন কেন্দ্রে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার সাইফুল ইসলাম জানান, পরিস্থিতির সুযোগ নিয়ে যেন কোনো তৃতীয় পক্ষ অশান্তি সৃষ্টি করতে না পারে, সে কারণেই বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
হাদির মৃত্যুর প্রতিবাদে বৃহস্পতিবার রাতে গণ অধিকার পরিষদ ভারতের বিভিন্ন কূটনৈতিক স্থাপনা ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করে। চট্টগ্রামে ভারতের সহকারী হাইকমিশনারের বাসভবনে পাথর নিক্ষেপের ঘটনা ঘটে। সিলেটে কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে অবস্থান কর্মসূচি পালন করে ইনকিলাব মঞ্চ, যেখানে ভারতবিরোধী স্লোগান শোনা যায়।
হাদির মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়ার পর দেশের বিভিন্ন স্থানে সরকারি স্থাপনা, সাংস্কৃতিক কেন্দ্র ও আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর হয়। পাশাপাশি ‘প্রথম আলো’ ও ‘দ্য ডেইলি স্টার’-এর কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। শনিবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হাদির জানাজা অনুষ্ঠিত হয় এবং পরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তাঁকে দাফন করা হয়।
হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে ইনকিলাব মঞ্চ অন্তর্বর্তী সরকারকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা না নেওয়া হলে স্বরাষ্ট্র উপদেষ্টা ও সহকারী উপদেষ্টার পদত্যাগ দাবি করা হবে বলে জানিয়েছে সংগঠনটি।