মহাকাশে দুরন্ত এক কৃষ্ণগহ্বর: আরবিএইচ-১
তথ্য কণিকা ডেস্ক:
মহাশূন্যে সেকেন্ডে ৯৫৪ কিলোমিটার বেগে ছুটছে এক বিশাল কৃষ্ণগহ্বর। নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপে সম্প্রতি ধরা পড়েছে এই অদ্ভুত মহাজাগতিক ঘটনার চাক্ষুষ প্রমাণ। বিজ্ঞানীরা এই কৃষ্ণগহ্বরের নাম দিয়েছেন আরবিএইচ-১।

আরবিএইচ-১-এর ভর আমাদের সূর্যের এক কোটি গুণ; অর্থাৎ, এটি এমন এক কোটি সূর্যকে গিলে খেতে সক্ষম। এর দৌড়ের গতিবেগ আলোর বেগের প্রায় ০.৩২ শতাংশ। বিজ্ঞানীদের অনুসন্ধান অনুযায়ী, এটি নিজের ছায়াপথ থেকে বের হয়ে আন্তঃছায়াপথ শূন্যস্থানের দিকে ছুটে চলেছে।
এই ধরনের ছুটোছুটি মহাকাশে বিরল নয়। তবে বিজ্ঞানীদের চোখ ধাঁধিয়েছে আরবিএইচ-১ কীভাবে তার ছায়াপথ থেকে বেরিয়ে এতো দুরন্ত গতিতে এগোচ্ছে। প্রাথমিক অনুমান, একাধিক সুপারম্যাসিভ ব্ল্যাক হোলের মিলন ও মহাকর্ষীয় ধাক্কা তাকে তার মূল অবস্থান থেকে ঠেলে দিয়েছে।
আরবিএইচ-১-এর পর্যবেক্ষণ মহাকাশ বিজ্ঞানে নতুন দিক নির্দেশ করছে। এটি প্রমাণ করছে, মহাশূন্যে আরও অনেক সুপারম্যাসিভ ব্ল্যাক হোল অদৃশ্য হয়ে বিচ্ছুরিতভাবে ঘুরে বেড়াচ্ছে, যেগুলোকে ভবিষ্যতে শনাক্ত করার সম্ভাবনাও রয়েছে।