লন্ডনের কেন্দ্রস্থলে বিলবোর্ডে সুদানের যুদ্ধের চিত্র !
লন্ডন, ২১ ডিসেম্বর: লন্ডনের প্রাণকেন্দ্রে নতুন ডিজিটাল বিলবোর্ডে দেখা যাচ্ছে সুদানের যুদ্ধ এবং সংযুক্ত আরব আমিরাতের বিতর্কিত ভূমিকার বার্তা। বিলবোর্ডটি কোনো পণ্যের বিজ্ঞাপন নয়; এটি সচেতনতা তৈরি করতে অলাভজনক সংস্থা ‘আভাজ’ দ্বারা চালানো হয়েছে।
বিলবোর্ডে একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) চিত্রে দেখা যায়, এক তরুণী দুবাইয়ের বিলাসবহুল সুইমিং পুলে সেলফি নিচ্ছেন। কিন্তু তার ফোনের স্ক্রিনে দেখা যাচ্ছে যুদ্ধবিধ্বস্ত সুদানের দৃশ্য। সেখানে লেখা—“সুদানে তারা কী করছে তা জানতে পারলে আপনার সেলফি আর এতটা সুন্দর লাগবে না।”
আভাজ ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাত সুদানের আধাসামরিক বাহিনী আরএসএফ-কে সমর্থন ও অস্ত্র সরবরাহ করছে। আরএসএফ-এর বিরুদ্ধে গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে। তবে আমিরাত এসব অভিযোগ অস্বীকার করেছে।
লন্ডনের অনেক পথচারী বিলবোর্ড দেখে বিস্ময় প্রকাশ করেছেন। একজন বলেন, “আমি জানতাম না দুবাইয়ের সঙ্গে কোনো যুদ্ধের সম্পর্ক থাকতে পারে।”
উল্লেখ্য, ২০২৫ সালের প্রথম ৯ মাসে দুবাই ২ কোটি ৩০ লাখ পর্যটককে স্বাগত জানিয়েছে, যেখানে পর্যটন খাতের অবদান প্রায় ৭০ বিলিয়ন ডলার। অন্যদিকে, ২০২৩ সালের এপ্রিল থেকে সুদানের এসএএফ ও আরএসএফ-এর মধ্যে চলমান যুদ্ধে প্রায় ১ কোটি ৪০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।