গভীর রাতে মালয়েশিয়ার সাবাহ উপকূলে ৭.১ মাত্রার ভূমিকম্প, সুনামির আশঙ্কা নেই
বিশ্ব সংবাদ ডেস্ক, ২৩ ফেব্রুয়ারি: মালয়েশিয়ার বোর্নিও দ্বীপে গভীর রাতে কেঁপে উঠল সাবাহ অঙ্গরাজ্য। সোমবার (২৩ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাত ১২টা ৫৭ মিনিটে উপকূলীয় অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়, যার মাত্রা রিখটার স্কেলে ৭ দশমিক ১ বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা।
সংস্থাটির তথ্য অনুযায়ী, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল সাবাহর রাজধানী কোটা কিনাবালু থেকে প্রায় ১০০ কিলোমিটারেরও কম উত্তর-পূর্বে। কম্পনের গভীরতা ছিল প্রায় ৬১৯ দশমিক ৮ কিলোমিটার, যা অত্যন্ত গভীর হিসেবে বিবেচিত হয়। বিশেষজ্ঞরা বলছেন, এত গভীরে উৎপন্ন ভূমিকম্প সাধারণত ভূপৃষ্ঠে তুলনামূলক কম ক্ষতি ডেকে আনে।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটির গভীরতা বেশি হওয়ায় বড় ধরনের ধ্বংসযজ্ঞের সম্ভাবনা কম।
অন্যদিকে, মার্কিন সুনামি সতর্কীকরণ কেন্দ্র কোনো সুনামি সতর্কতা জারি করেনি। তারা স্পষ্ট করেছে, গভীর সমুদ্রতলে এই কম্পন সংঘটিত হওয়ায় সুনামির আশঙ্কা নেই।
তবে মালয়েশিয়ার আবহাওয়া অধিদপ্তর ভূমিকম্পটির মাত্রা ৬ দশমিক ৮ হিসেবে রেকর্ড করেছে। সংস্থাটি জানায়, সাবাহর পশ্চিম উপকূল ছাড়াও সারাওয়াক রাজ্যের বিভিন্ন এলাকায় মৃদু থেকে মাঝারি মাত্রার কম্পন অনুভূত হয়েছে।
গভীর রাতে হঠাৎ এমন কম্পনে কিছু এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে। কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং সম্ভাব্য যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে।
পূর্ববর্তী সংবাদ