প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই ও সঠিক ইতিহাস সংরক্ষণে নতুন সিদ্ধান্ত
বাংলাদেশ প্রতিনিধি, ২২ ফেব্রুয়ারি: প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা পুনরায় যাচাই-বাছাই এবং মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী হাফিজ উদ্দিন আহমদ। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় প্রকৃত মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা প্রণয়ন, বিদ্যমান তালিকার অসঙ্গতি যাচাই এবং মুক্তিযুদ্ধের প্রামাণ্য ইতিহাস সংরক্ষণে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আলোচনায় মুক্তিযুদ্ধের চেতনা ও ঐতিহাসিক সত্য রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর জোর দেওয়া হয়।
সভায় মন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধই বাংলাদেশের স্বাধীনতার মূল ভিত্তি। মুক্তিযুদ্ধের সঙ্গে অন্যান্য আন্দোলন-সংগ্রামকে এক করে দেখা ঠিক নয়। তিনি মুক্তিযুদ্ধের চেতনার রাজনৈতিক অপব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, দীর্ঘদিন ধরে ইতিহাস ও চেতনার অপপ্রয়োগের কারণে নতুন প্রজন্মের একটি অংশ সঠিক ইতিহাস থেকে বঞ্চিত হয়েছে।
তিনি আরও বলেন, মুক্তিযোদ্ধাদের অসীম ত্যাগ, তিতিক্ষা ও আত্মদানের ইতিহাস তরুণ সমাজের সামনে যথাযথভাবে তুলে ধরা জরুরি। “আমাদের মনে রাখতে হবে, মুক্তিযুদ্ধই এই রাষ্ট্রের জন্মের মূল ভিত্তি,”—যোগ করেন তিনি।
মতবিনিময় সভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইসরাত চৌধুরী, জামুকার সদস্যবৃন্দ এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।