মাত্র ৫ টাকার বিরোধে লক্ষ্মীপুরে আপন ভাইকে হত্যা !
বিচিত্র খবর ডেস্ক, ২২ ফেব্রুয়ারি: বাংলাদেশের লক্ষ্মীপুর জেলার রামগঞ্জে বিদ্যুৎ বিলের টাকা নিয়ে বিরোধের জেরে এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তির নাম আলমগীর হোসেন। তার স্ত্রী সাবিনা ইয়াসমিন বড় ভাই খোরশেদ আলমের বিরুদ্ধে হত্যার অভিযোগ তুলেছেন।
শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার করপাড়া ইউনিয়নের উত্তর বদরপুর এলাকায় ঘটনা ঘটে। রামগঞ্জ থানার ওসি ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, “প্রাথমিক তথ্য অনুযায়ী, বিদ্যুৎ বিল নিয়ে বিবাদের জেরে হত্যাকাণ্ড ঘটেছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।”
সাবিনা ইয়াসমিন জানিয়েছেন, দুই ভাই একটি মিটারের মাধ্যমে বিদ্যুৎ ব্যবহার করতেন এবং বিলও ভাগাভাগি করতেন। গত মাসে আলমগীর মাত্র পাঁচ টাকা কম দিয়েছেন। এ নিয়ে দ্বন্দ্বের পর আলমগীর সন্ধ্যায় এলাকার একটি চায়ের দোকানে গেলে খোরশেদসহ কয়েকজন তাকে আক্রমণ করে। আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা এই ঘটনায় শোক প্রকাশ করছেন এবং পুলিশ মামলা তদন্ত করছে।