চার শতাধিক পিস্তল হারানো রয়েছে, যা অত্যন্ত দুশ্চিন্তার বিষয় : ইসি কমিশনার আ ফ ম সানাউল্লাহ

চার শতাধিক পিস্তল হারানো রয়েছে, যা অত্যন্ত দুশ্চিন্তার বিষয় : ইসি কমিশনার আ ফ ম সানাউল্লাহ

বাংলাদেশ প্রতিনিধি:  নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, দেশে হারানো ও অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য বিশেষ অভিযান চলমান রাখতে হবে। তিনি জানান, বর্তমানে এখনও চার শতাধিক পিস্তল হারানো রয়েছে, যা অত্যন্ত দুশ্চিন্তার বিষয়। তবে একই সঙ্গে স্বস্তির দিকও তুলে ধরে তিনি বলেন, ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া ‘ডেভিল হান্ট ফেইজ টু’ অভিযানের পর এ পর্যন্ত পাঁচ শতাধিক অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়েছে।

সোমবার (২৭ জানুয়ারি) বিকেলে কুমিল্লা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

ইসি কমিশনার বলেন, নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনসার বাহিনীর ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় তিনি আনসার বাহিনীকে সতর্ক করে বলেন, কোনো ভুয়া ব্যক্তি যেন আনসারের পোশাক পরে দায়িত্ব পালন করতে না পারে। অতীতের নির্বাচনগুলোতে এটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা গেছে বলে উল্লেখ করেন তিনি।

প্রশাসনের উদ্দেশ্যে আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, চেকপয়েন্ট অপারেশন র‌্যান্ডমভাবে পরিচালনা করতে হবে, যেন কোনো সন্ত্রাসী বা অপরাধী এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে নিজেকে নিরাপদ মনে না করে।

তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও সংঘাতমুক্তভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন এবং এ লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

সভায় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসান, পুলিশ সুপার মো. আনিসুজ্জামানসহ সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব ও আনসার বাহিনীর নির্বাচনি দায়িত্বপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়া জেলার সব আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা, থানার ওসি ও নির্বাচন কর্মকর্তারাও সভায় অংশ নেন।