লন্ডন বাংলা প্রেসক্লাবের সম্মাননা পেলেন মাহবুবা ইসলাম মৌলী

লন্ডন বাংলা প্রেসক্লাবের সম্মাননা পেলেন মাহবুবা ইসলাম মৌলী

কমিউনিটি সংবাদ ডেস্ক:  যুক্তরাজ্যে শিক্ষাক্ষেত্রে কৃতিত্বপূর্ণ সাফল্যের স্বীকৃতি হিসেবে লন্ডন বাংলা প্রেসক্লাবের বিশেষ সম্মাননা অর্জন করেছেন মাহবুবা ইসলাম মৌলী। রবিবার, ২৫ জানুয়ারি লন্ডনে অনুষ্ঠিত প্রেসক্লাবের বার্ষিক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তার হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়।

গত বছর অনুষ্ঠিত এ-লেভেল পরীক্ষায় মাহবুবা ইসলাম মৌলী দুইটি A* এবং একটি A গ্রেড অর্জন করে উল্লেখযোগ্য সাফল্যের স্বাক্ষর রাখেন। তার এই অসাধারণ ফলাফল ও শিক্ষাজীবনে ধারাবাহিক সাফল্যের জন্যই লন্ডন বাংলা প্রেসক্লাব তাকে শিক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতি প্রদান করে।

মাহবুবা ইসলাম মৌলী সুনামগঞ্জ জেলার দিরাই পৌরসভার চণ্ডিপুর গ্রামের কৃতি সন্তান। তিনি যুক্তরাজ্যপ্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও সাংবাদিক সফিকুল ইসলামের কন্যা। বর্তমানে তিনি যুক্তরাজ্যের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান কুইন মেরি ইউনিভার্সিটি অব লন্ডনের মেডিসিন বিভাগে অধ্যয়নরত।

ভবিষ্যতে একজন মানবিক ও দায়িত্বশীল চিকিৎসক হিসেবে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন মাহবুবা ইসলাম মৌলী। এর আগে তিনি মালবেরি স্কুল থেকে জিসিএসই এবং নিউহ্যাম এনসিএস কলেজ থেকে এ-লেভেল সম্পন্ন করেন।

তার এই অর্জনে পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও নিজ এলাকার মানুষের মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে।