ওসমান হাদি হত্যাকারী ভারতে পালানোর দাবি বাংলাদেশের : দাবী নাকচ করলো ভারত
ঢাকা, ২৮ ডিসেম্বর: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তাঁর সহযোগী আলমগীর শেখ ভারতে পালিয়েছেন বলে দাবি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। রোববার ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার এস এন নজরুল ইসলাম জানান, তাঁদের পালাতে সহযোগিতা করেছেন ভারতের দুই নাগরিক পূর্তি ও সামী। ডিএমপির দাবি অনুযায়ী, মেঘালয় পুলিশ ওই দুই ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে।
তবে এ দাবির সঙ্গে সাংঘর্ষিক বক্তব্য দিয়েছে মেঘালয় পুলিশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তারা জানিয়েছে, ফয়সাল করিম মাসুদ ও আলমগীর শেখের ভারতে প্রবেশ বা গারো পাহাড় এলাকায় উপস্থিতির কোনো প্রমাণ নেই। কাউকে গ্রেপ্তার করার তথ্যও তারা নাকচ করেছে। বিএসএফ বলেছে, হালুয়াঘাট সীমান্ত দিয়ে অনুপ্রবেশের কোনো ঘটনাও তাদের নজরে আসেনি।
মেঘালয় পুলিশ জানায়, সতর্কতামূলকভাবে সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। একই সঙ্গে তারা জানিয়েছে, যাচাই ছাড়া কোনো দাবির ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে না, তবে বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতায় তারা প্রস্তুত।