জরিপে বিএনপি প্রধানের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা ৪৭.৬%, জামাত প্রধানের ২২.৫%”

জরিপে বিএনপি প্রধানের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা ৪৭.৬%, জামাত প্রধানের ২২.৫%”

ঢাকা, ৩০ জানুয়ারি :  নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ততই বিএনপির প্রতি জনসমর্থন দৃঢ় হচ্ছে—এমনই তথ্য উঠে এসেছে ইনোভেশন কনসাল্টিংয়ের সর্বশেষ জনমত জরিপ ‘পিপলস ইলেকশন পালস সার্ভে (পেপস)’-এ। জরিপে দেখা গেছে, দেশের ভোটারের মধ্যে প্রায় ৪৭ শতাংশ মানুষ ভবিষ্যতের প্রধানমন্ত্রী হিসেবে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানকে বেছে নিচ্ছেন।

জরিপের তৃতীয় রাউন্ডে আগের রাউন্ডের তুলনায় বিএনপির প্রার্থীর সম্ভাব্য বিজয় উল্লেখ ৭ দশমিক ৫ শতাংশ বেড়েছে। জামায়াতে ইসলামের প্রার্থীর ক্ষেত্রে এই বৃদ্ধি মাত্র ১ দশমিক ১ শতাংশ। বিশেষজ্ঞরা মনে করছেন, তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন এবং খালেদা জিয়ার মৃত্যুর পর বহু সিদ্ধান্তহীন ভোটার বিএনপির দিকে ঝুঁকেছেন।

জনমতের বিশ্লেষণে দেখা গেছে, বিএনপি সমর্থকরা শুধু নিজস্ব ভোটারই নয়, জামায়াত ও জাতীয় নাগরিক পার্টির প্রাক্তন সমর্থকদের একটি অংশও এখন বিএনপির দিকে। এ ছাড়া, আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে অনেকেই বিএনপিকে ভোট দেওয়ার সম্ভাবনা প্রকাশ করেছেন।

এলাকাভিত্তিক দৃষ্টিকোণ থেকে জরিপে দেখা গেছে, আগামীকাল যদি নির্বাচন হতো, ভোটারদের ৫২ দশমিক ৯ শতাংশ মনে করছেন, তাদের এলাকায় বিএনপি প্রার্থী জিতবেন। অন্যদিকে, ২৩ দশমিক ৮ শতাংশ ভোটার এই বিষয়ে নিশ্চিত নন।

জরিপটি চলতি জানুয়ারি মাসের ১৬ থেকে ২৭ তারিখ পর্যন্ত দেশের ৬৪ জেলার গ্রাম ও শহর এলাকা থেকে ৫ হাজার ১৪৭ জন সাক্ষাৎকারদাতার ওপর পরিচালনা করা হয়েছে। জরিপে ভোটার উপস্থিতি, গণভোট, আইনশৃঙ্খলা, নিরপেক্ষ নির্বাচন, ভোটের সিদ্ধান্ত এবং দলীয় পছন্দ—মোট ছয়টি বিষয়ে মতামত নেওয়া হয়েছে।

পিপসের এই ফলাফল নির্বাচনী প্রেক্ষাপটে বিএনপির অবস্থান শক্তিশালী হচ্ছে এবং ভোটারদের মনোভাব পরিবর্তনের স্পষ্ট চিত্র ফুটিয়ে তুলছে।