খালেদা জিয়ার জানাজা-দাফন হবে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় ৩১ ডিসেম্বর দুপুর ২টায়

খালেদা জিয়ার জানাজা-দাফন হবে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় ৩১ ডিসেম্বর দুপুর ২টায়

ঢাকা, ৩০ ডিসেম্বর: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য জানিয়েছেন। জানাজায় ইমামতি করবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব। জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে দাফন করা হবে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি বৈঠক শেষে এসব তথ্য জানান মির্জা ফখরুল। এর আগে দুপুর ১২টায় দলের স্থায়ী কমিটির নেতারা জরুরি বৈঠকে বসেন। বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও ইকবাল হাসান মাহমুদ টুকু।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “বেগম জিয়ার মৃত্যু দেশের মানুষের জন্য অপূরণীয় ক্ষতি। তিনি এমন এক সময়ে চলে গেলেন, যখন তাকে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল।”

তিনি জানান, বুধবার সকালে ঢাকার এভারকেয়ার হাসপাতাল থেকে খালেদা জিয়ার মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় জাতীয় সংসদ ভবনে আনা হবে। এ সময় পুরো পথজুড়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে। জানাজা ও দাফনের সব কার্যক্রমই সম্পন্ন হবে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায়।

এদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, খালেদা জিয়ার জানাজায় প্রধান উপদেষ্টা, অন্যান্য উপদেষ্টা, বিএনপি নেতৃবৃন্দসহ বিভিন্ন দেশের কূটনীতিকরা উপস্থিত থাকবেন। জাতীয় সংসদ ভবন, বাংলাদেশের দূতাবাসসমূহ এবং বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে শোক বই খোলা হবে। জানাজা ও দাফন উপলক্ষে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে। এ জন্য ১০ হাজারের বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে এবং কিছু এলাকায় সেনাবাহিনী দায়িত্ব পালন করবে।

উল্লেখ্য, মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

খালেদা জিয়ার মৃত্যুতে সরকার বুধবার থেকে শুক্রবার (৩১ ডিসেম্বর এবং ১ ও ২ জানুয়ারি) তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। একই সঙ্গে বুধবার (৩১ ডিসেম্বর) সারা দেশে সাধারণ ছুটি থাকবে।